৯ জুন ২০২০
জকিগঞ্জ প্রতিনিধি : সিলেট জেলার মধ্যে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের সবচেয়ে বেশি বিপজ্জনক উপজেলা হয়ে উঠছে সিলেট জেলার মধ্যে সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জ। রোববার পর্যন্ত এ উপজেলায় ৭৯জনের করোনাভাইরাস সনাক্ত হয়েছে।প্রতিদিনই আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। এহেন পরিস্থিতিতে করোনার ভয়ঙ্কর সংক্রমণ রোধে কঠোর পদক্ষেপ নিচ্ছেন উপজেলা প্রশাসন। স্বাস্থ্যবিধি না মানলে জেল-জরিমানা করা হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুল্লাহ আল মেহেদী জানান, এ পর্যন্ত জকিগঞ্জ উপজেলায় ৫৫০জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনা সনাক্ত হয়েছে ৭৯জন ।এদের মধ্যে সুস্থ হয়েছেন এ পর্যন্ত সুস্থ ২০জন।
তিনি বলেন, যেভাবে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ছে তাতে মানুষজন এখনই সচেতন না হলে আরও ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে। এজন্য সবাইকে সরকারি স্বাস্থবিধি মেনে চলতে হবে।
জকিগঞ্জ থানার ওসি মীর আব্দুন নাসের বলেন, ঈদের আগে করোনা পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে ছিল। কিন্ত ঈদের পর করোনা রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে।এ জন্য তিনি ঈদের ছুটিতে গ্রামে বেড়াতে গিয়ে কর্মক্ষেত্রে ফেরত এবং গোপনে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আসা লোকজনই সামাজিকভাবে করোনা সংক্রমিত করেছেন। এহেন পরিস্থিতিতে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সিলেট জেলার মাননীয় পুলিশ সুপার জনাব- ফরিদ উদ্দিন পিপিএম মহোদয় নির্দেশ দিয়েছেন। পুলিশ সদস্যরা সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা করছেন। কিন্ত মানুষ সচেতন হচ্ছে বলে মনে হচ্ছে না!লেগুনাজাতীয় গণপরিবহণে গাদাগাদি করে লোকজন এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন। কোনো কাজ ছাড়াই লোকজন অহেতুক ঘোরাফেরা করছে। স্বাস্থ্যবিধি না মানলে জেল-জরিমানা করা হবে।পরবর্তী নির্দেশনা আসলে তা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।