৭ জুন ২০২০
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর গত দুদিনের টানা বৃষ্টিতে তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের আনোয়ারপুর ব্রিজ সংলগ্ন প্রায় আধা কিলোমিটার রাস্তা পানির নিচে তলিয়ে গেছে। বন্ধ হয়ে পড়েছে উপজেলার সাথে জেলা সদরের সড়ক যোগাযোগ।
এতে দুর্ভোগ ও ভোগান্তিতে পড়েছে প্রায় লক্ষাধিক লোকজন। এছাড়া এ সড়ক দিয়েই তাহিরপুর উপজেলার লোকজন ছাড়াও মধ্যনগর থানার লোকজনও চলাচল করে থাকে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার বালিজুরী ইউনিয়নের আনোয়ারপুর ব্রিজ সংলগ্ন রাস্তাটি পানির নিচে তলিয়ে গেছে। এতে সকল ধরনের যানবাহন বন্ধ রয়েছে। আর ডুবে যাওয়া রাস্তার এ অংশটুকু লোকজন ডিঙি নৌকা করে পার হচ্ছে।
তাহিরপুর উপজেলা সদরের বাসিন্দা সোহানুর রহমান সোহাগ বলেন, প্রতি বছরই সামান্য বৃষ্টি ও পাহাড়ি ঢলে তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে করে দুর্ভোগে পড়েন উপজেলার প্রায় লক্ষাধিক মানুষ।
আর শিক্ষক গোলাম সরোয়ার লিটন বলেন, তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের আনোয়ারপুর এলাকায় প্রায় আধা কিলোমিটার সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় উপজেলার প্রায় লক্ষাধিক মানুষের যাতায়াত ব্যবস্থা অচল হয়ে পড়েছে। জন-দুর্ভোগ ও ভোগান্তি নিরসনে এ সমস্যার স্থায়ী সমাধান জরুরি।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী জানিয়েছেন, প্রতি বছরই টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের এই অংশটি পানির নিচে তলিয়ে যায়। আমি সরেজমিনে গিয়ে বিষয়টি দেখে এসেছি। এটি স্থানীয় এলজিইডির উদাসীনতার ও গাফলতির প্রধান কারণ বলে মনে করছি। এ সমস্যার স্থায়ী সমাধান খুবই জরুরি হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি। তারা আমাকে আশ্বস্ত করেছেন দ্রুত এর সমাধান করবেন।
এলজিইডি সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম বলেছেন, বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতির কারণে তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের সংস্কার কাজটি একটু বিলম্বিত হয়েছে। দেশের সার্বিক পরিস্থিতির কিছুটা উন্নতি হলেই তাহিরপুর-সুনামগঞ্জ সড়কটির সংস্কার করে দ্রুত জেলা সদরের সাথে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।