৭ জুন ২০২০
ডেস্ক রিপোর্ট : করোনায় আক্রান্ত সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের অসুস্থতার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন যুক্তরাজ্যে অবস্থানরত তাঁর পরিবারের সদস্যরা। কামরানের করোনা আক্রান্ত হওয়ার খবর লন্ডনসহ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়লে আত্নীয়-স্বজন ও সেখানে অবস্থানরত অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন।
প্রবাসী আত্মীয় স্বজনরা সবাই সাবেক মেয়র কামরানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা পুর্বক সিলেটবাসী তথা সারাদেশবাসীর নিকট দোয়া কামনা করে বলেন, অতীতে মেয়র কামরানের কোন কথায় বা কাজে আপনারা যদি কোনরূপ কষ্ট বা দুঃখ পেয়ে থাকেন তাহলে আমরা উনার আত্মীয় স্বজনরা আপনাদের নিকট ক্ষমাপ্রার্থী।আপনারা সবাই উনাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
এদিকে কামরানের সুস্থ্যতা কামনা করে যুক্তরাজ্যের লন্ডনে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কামরানের ভগ্নীপতি যুক্তরাজ্য কবরীবারার সাবেক কাউন্সিলর ও বর্তমান নর্দাম্পটনশায়ার কবরী শহরের কমিউনিটি চেয়ারম্যান ইউসুফ রাজা চৌধুরী সাদ স্থানীয় ষ্ট্রোয়ার্ড রোডের সেন্ট্রাল মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।
এসময় যুক্তরাজ্যে অবস্থানরত কামরানের দুই ছোট বোন মোছাঃ জুবেদা আহমদ,জুমেরা চৌধুরী,ছোট ছেলে আদনান আহমদ,ভাতিজা রিদা আহমদ,ভাগনা দিনার আহমদ,ভাতিজী রিমা বেগম,ও লুনা বেগমসহ আরো নিকট আত্নীয়গন উপস্থিত ছিলেন।
অপরদিকে সিলেট নগরীর বাগবাড়ী শিশু সদন রোডের হাজী আব্বাছ আলী জামে মসজিদ ও ছাতকের হাসনাবাদ জামে মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের সুস্থতা ও রোগ মুক্তি কামনা করা হয়েছে।