১৬ সেপ্টেম্বর ২০২১


বিয়ানীবাজার কলেজে বন্ধ টিকটক-লাইকির ভিডিওধারণ

শেয়ার করুন

বিয়ানীবাজার প্রতিনিধি : কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে কোনো ধরনের ভিডিওধারণ করা যাবে না বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। লাইকি, টিকটক, বিগো লাইভসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে ভিডিওধারণ নিষিদ্ধ করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তারিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কলেজ ক্যাম্পাসে মোবাইলফোন, ক্যামেরা কিংবা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস দিয়ে যেকোনো ধরণের ভিডিও ধারণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো। এ ক্ষেত্রে আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে কলেজ প্রশাসন।

জানা যায়, ১২ সেপ্টেম্বর কলেজ খোলার পর থেকে শিক্ষার্থীদের উপস্থিতিও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকাকালে টিকটক, লাইকি, বিগোলাইভসহ অ্যাপভিত্তিক কিছু অনলাইন মাধ্যমে শিক্ষার্থীদের নেতিবাচক তৎপরতা সম্পর্কে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ ও প্রচারিত হয়। এসব অ্যাপ ব্যবহারে সামাজিক মূল্যবোধ ও নৈতিকতা নষ্ট হওয়ার আশঙ্কা করছে কলেজ কর্তৃপক্ষ।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তারিকুল ইসলাম জানান, শিক্ষার্থীদের যেকোনো ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেয়ার করুন