১০ মে ২০২০


ত্রাণের চাল চুরির দায়ে ইউপি চেয়ারম্যান বহিষ্কার

শেয়ার করুন

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : ত্রাণ বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মামলা হওয়ায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছ মিয়াকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার রাতে শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার এবং সাধারণ সম্পাদক হোসাইন মো. আদিল জজ মিয়া স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। মুখলেছ মিয়া হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক ছিলেন।

জানা গেছে, নূরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে শুক্রবার অভিযান পরিচালনা করেন হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত রানা। এ সময় সরকারি ত্রাণ বিতরণ করার জন্য সেখানে দেওয়া ২ হাজার কেজি চালের মধ্যে পাওয়া যায় ১ হাজার ৭০০ কেজি চাল। যেহেতু ৩০০ কেজি চাল পাওয়া যায়নি, তাই ওই ১ হাজার ৭০০ কেজি চাল জব্দ করেন তিনি।

এছাড়াও সরকারি ত্রাণের পাশাপাশি ওই চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিডির (ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট) চাল বিতরণেও অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। গেল জানুয়ারি থেকে চাল বিতরণের কোনো মাস্টার রোলও সেখানে ছিল না।

এ ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে শায়েস্তাগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু হয়। ইউপি চেয়ারম্যান মোখলেছ মিয়াকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন।

শেয়ার করুন