২৫ জুন ২০২৩
ডেস্ক রিপোর্ট : নগরীর ট্রাকচাপায় শফিক মিয়া (৬৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি নগরীর বড় বাজার এলাকার মৃত হাসিম মিয়ার ছেলে।
রোববার আনুমানিক বিকেল ৪টার দিকে নগরের নাইওরপুল পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এক মোটরসাইকেল আরোহী নগরের নাইওরপুল পয়েন্ট সংলগ্ন ইম্পেরিয়াল হাসপাতালের সামনে পৌঁছামাত্র দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে, তাৎক্ষণিকভাবে নাইওরপুল পয়েন্টে কর্মরত ট্রাফিক পুলিশ ও কোতোয়ালি থানার সোবহানিঘাট ফাঁড়ি পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এসএমপির মুখপাত্র ও উপ-কমিশনার সুদীপ দাস জানান, দ্রুতগামী একটি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ওই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও এর চালককে গ্রেফতার কার সম্ভব হয় নি। তবে পুলিশ তাকে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে।