২৯ এপ্রিল ২০২০
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কাউয়াদিঘী, হাইল হাওর ও হাকালুকি হাওরে এখন পর্যন্ত ৮১-৮৫ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে।
মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কাজী লুৎফুল বারী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, জেলা লকডাউন থাকায় পরিবহন শ্রমিক, চা শ্রমিক ধান কাটতে কাজ করছেন। এছাড়া কম্বাইন হারভেস্টার ও রিফার মেশিন দিয়ে ধান কাটা হচ্ছে।
মৌলভীবাজারে হাকালুকি হাওরে প্রায়ই ধান কাটা হয়ে গেছে। হাকালুকি হাওরের আগাম বন্যার হাত থেকে ফসল রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ড ফানাই নদী মোট প্রায় ৪০ কিলোমিটার ( কর্মধা এলাকায় ৫ কিলোমিটার কাজ অবশিষ্ট) জুড়ী নদী প্রায় ৭ কিলোমিটার ও ধামাইনদী প্রায় ১৫ কিলোমিটার ৫/৬ ফুট গভীর করে খনন করায় ছোট পাহাড়ি ঢল ধারণ করতে পারায় নিশ্চিন্তে আছেন অনেক কৃষকরা।
এদিকে রাজনগর উপজেলার ফতেহপুর এলাকার ব্রি ২৯ জাতের ধান কাটা হয়নি শ্রমিক সংকটের কারণে। কুলাউড়া উপজেলা থেকে ৫০ জন চা শ্রমিক আসার ব্যবস্থা ছিল তবে কুলাউড়া করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় সেসব শ্রমিক না আসায় সাময়িক সমস্যার সৃষ্টি হয়েছে। তবে কৃষকরা আশাবাদী প্রশাসনের সহযোগিতায় এই সমস্যা নিরসন সম্ভব হবেই।