১৮ এপ্রিল ২০২০


দক্ষিণ সুনামগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত ১

শেয়ার করুন

ইয়াকুব শাহরিয়ার, দক্ষিণ সুনামগঞ্জঃ দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম পাগলায় সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামের হাজি তারিফ মিয়ার ছেলে জিয়াউর রহমান (৪০) ও জয়কলস গ্রামের কৃষ্ণ বিশ্বাসের ছেলে মিন্টু বিশ্বাস (২৮)। আহত রেজাউল হক রেজা (২৫) পশ্চিম পাগলা ইউনিয়নের বাঘেরকোনা (রসুলপুর) গ্রামের মৃত করিম মিয়ার ছেলে।

 
আজ (শনিবার) বিকাল ৩টায় সুনামগঞ্জ-সিলেট পাগলা এলাকায় আঞ্চলিক মহাসড়কের বাঘেরকোনা-নবীনগর সংযোগ রাস্তার সামনে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
 
জানা যায়, মোটরসাইকেল নিয়ে নিহত জিয়াউর রহমান বাঘেরকোনা গ্রামের সংযোগ রাস্তা থেকে শান্তিগঞ্জ বাজারে যাওয়ার জন্য সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে উঠলে সিলেট থেকে সুনামগঞ্জগামী ট্রাক (সিলেট মেট্রো- ১১-০১৩৬) পেছন থেকে সজোরে ধাক্কা দিলে ট্রাকের সামনেই ছিটকে পড়েন মোটরসাইকেল আরোহীরা। এতে ঘটনাস্থলেই নিহত হন জিয়াউর রহমান। গুরুতর আহত অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে অপর নিহত মিন্টু বিশ্বাসকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত ডাক্তার। গুরুতর আহত অবস্থায় রেজাউল হক রেজাকে সিলেট এম এ জি ওসমানি মেডিকেলে পাঠানো হয়েছে।
 
এ ব্যপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার এস আই আনোয়ার জানান, খবর পেয়ে আমরা ঘটনা্থেলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। ট্রাক আটক করি। চালক পালিয়ে যায়। পরে জয়কলস হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে আমরা তাদের কাছে দায়ীত্ব হস্তান্তর করি।
 
জয়কলস পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আমির উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে একজনের লাশ উদ্ধার করেছি। আহত দুইজনকে হাসপাতালে পাঠানো হলে সুনামগঞ্জ সদর হাসপাতাল কর্তৃপক্ষ একজনকে মৃত ঘোষণা করেছেন।

শেয়ার করুন