১০ এপ্রিল ২০২০
নিজস্ব প্রতিবেদক : পূর্ব শত্রুতার জের ধরে সিলেটে ফাহিম আহমদ (২৪) নামে প্রবাস ফেরত এক যুবককে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। নিহত ফাহিম আহমদ ওই গ্রামের মৃত আব্দুল মানিকের ছেলে। তিনি ৪ মাস আগে কাতার থেকে দেশে ফিরেন। তিনি দুই ভাই ও চার বোনের মধ্যে ৫ম।
বৃহস্পতিবার মধ্যরাতে সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের হায়দরপুর গ্রামে মসজিদের পাশে নদীর তীরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রাত ১১টার দিকে বাড়ি থেকে বের হন ফাহিম আহমদ। রাত পৌনে ১২টার দিকে বাড়ির পাশে নদীর তীরে তাকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ হেফাজতে নিয়ে ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে ধারণা পুলিশ ও স্থানীয়দের।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক আহমদ বলেন, নিহতের বুকে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই ফাহিমের মৃত্যু হয়েছে।
জালালাবাদ থানার ওসি অকিল উদ্দিন আহমদ বলেন, রাতেকাতার প্রবাসী এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছে।