৬ নভেম্বর ২০২২
ডেস্ক রিপোর্ট : নগরের আম্বরখানা বড়বাজারে ছুরিকাঘাতে বিএনপি নেতা আফম কামাল খুন হয়েছেন। আ ফ ম কামাল সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং সিলেট জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক। তার বাসা নগরের সুবিদবাজার এলাকায়।
রোববার রাতে এঘটনা ঘটে।রোববার রাত ৯ টার দিকে নগরের আম্বরখানা বড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, রাতে ওই এলাকায় প্রাইভেটকারে বসা ছিলেন বিএনপি নেতা কামাল। এ সময় মোটরসাইকেলে আসা দুজন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
বিমানবন্দর থানার ওসি মাইনুল জাকির বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার রাতে বড়বাজার এলাকায় আফম কামাল নিজের প্রাইভেটকারে বসা ছিলেন। এসময় মোটর সাইকেলে আসা দুজন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
নিহতদের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে জানিয়ে ওসি বলেন, আমরা অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে রাজু নামের এক ছাত্রদল নেতাকে আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িত অন্যদেরও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছি।
ওসমানী হাসপাতাল থেকে সিলেট জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আবদুল আহাদ খান জামাল বলেন, কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে তা আমরা এখনো জানতে পারিনি। রাজনৈতিক বিরোধ থেকে এ হত্যাকান্ড কী না তাও আমরা নিশ্চিত নই।
এদিকে, ঘটনার খবর পেয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জড় হয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ।