৬ এপ্রিল ২০২০


প্রবাসীর সংস্পর্শে সংক্রমিত হন হাউজিং এস্টেটের সেই চিকিৎসক

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটে প্রথম করোনা ভাইরাস সংক্রমণে (কোভিড-১৯) আক্রান্ত ব্যক্তি পেশায় একজন চিকিৎসক। তিনি এক প্রবাসীর দ্বারা আক্রান্ত হয়েছেন, এমনটিই ধারণা পেয়েছেন সংশ্লিষ্টরা। এর আগে রোববার রাতে সিলেটে প্রথম করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত রোগী শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল। শনাক্ত হওয়া ওই রোগী নগরের হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা ও নগরের একটি সরকারি হাসপাতালের চিকিৎসক।

সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল বলেন, প্রতিদিন আমরা যে রক্তের নমুনা পাঠাই, তার মধ্যে রোববার সন্ধ্যার দিকে ওই চিকিৎসকের করোনা ভাইরাস পজিটিভের বিষয়টি ফোনে তাকে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক। এরপরই বিষয়টি তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. ইউনুছুর রহমন ও জেলা প্রশাসক এম কাজি এমদাদুল ইসলামকে অবহিত করেছেন।

তিনি বলেন, দেশে যে ১৮ জন করোনা রোগী সনাক্ত করা হয়েছে, তিনি এই হিসাবের বাইরে। কেননা, ওটা ছিল সকালের হিসাব। আর এই রোগীর বিষয়ে আমরা নিশ্চিত হওয়া গেছে বিকেলে।

ডা. প্রেমানন্দ বলেন, সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা। এ অঞ্চলে বাইরে যে পরিমাণ প্রবাসী থাকেন, সে হিসেবে এমনিতেই ঝুঁকির মধ্যে সিলেট। এরপর প্রথম করোনা আক্রান্ত রোগী অনেক দেরি করে পেয়েছেন তারা। তাই পুরো এলাকা লকডাউনের জন্য জেলা প্রশাসককে জানিয়েছেন।

সিলেটে আরো অনেকে সুপ্ত অবস্থায় করোনা আক্রান্ত থাকতে পারেন বলেও ধারণা করে তিনি বলেন, এখনো সিলেটে রাস্তাঘাটে প্রচুর লোক সমাগম দেখেছি। যদিও ঘরে থাকাটা কষ্টসাধ্য, তারপরও নিজেদের নিরাপত্তার জন্য থাকতে হবে।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায় বলেন, ওই চিকিৎসকের বাসা লকডাউন করা হয়েছে।

সিলেট শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র বলেন, প্রশাসন ওই চিকিৎসকের বাসা লকডাউন করেছেন। যেহেতু তিনি ও তার দ্বারা পরিবারের সবাই আক্রান্ত। তাছাড়া আক্রান্ত রোগীর শারিরিক অবস্থা ভাল। তাকে ও পরিবারের সদস্যদের সুস্থ করে তুলতে বাসাই আইসোলেশন করা হচ্ছে।

শেয়ার করুন