৫ সেপ্টেম্বর ২০২১
ডেস্ক রিপোর্ট : সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হয়ে চমক দেখিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী হাবিবুর রহমান হাবিব। তবে অপর তিন প্রার্থী মিলে তার প্রাপ্ত ভোটের অর্ধেকও পাননি। নৌকা প্রতীক নিয়ে হাবিব ৬৫ হাজার ৩১২ ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
শনিবার রাতে ভোটগণনা শেষে রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমাদুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।
তিনি জানান, নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হাবিব ৯০ হাজার ৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক লাঙল প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৭৫২ ভোট। অপর দুই প্রার্থী বিএনপি দলীয় সাবেক এমপি (বিএনপির বহিষ্কৃত কেন্দ্রীয় নেতা) শফি আহমদ চৌধুরী পাঁচ হাজার ১৩৫ ভোট ও স্বতন্ত্র প্রার্থী জুনায়েদ মুহাম্মদ মিয়া পান ৬৪০ ভোট পেয়েছেন। এ দুজনই নিজেদের জামানত হারিয়েছেন।
বিজয়ের পর শনিবাত রাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় হাবিবুর রহমান হাবিব ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জনগণের আস্থার প্রতিদান উন্নয়নের মাধ্যমে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
অন্যদিকে নিজের পরাজয় মেনে নিয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক বিজয়ী প্রার্থী হাবিবকে অভিনন্দন জানিয়ে বলেছেন, সিলেটের উন্নয়নে তিনি সবসময় তাকে সমর্থন দিয়ে যাবেন।
এর আগে সকাল ৮টায় সিলেট-৩ আসনের ভোটগ্রহণ শুরু হয়। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হলেও ভোটার উপস্থিতি ছিলো কম। বেশিরভাগ কেন্দ্রে গিয়েই ভোটার দেখা যায়নি। তবে বিচ্ছিন্ন কিছু অভিযোগ ছাড়া কোনো প্রার্থীর পক্ষ থেকেই নির্বাচন নিয়ে বড় ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি।
সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী এমদাদুল ইসলাম জানিয়েছেন, ৩০ থেকে ৪০ শতাংশ ভোট পড়েছে। ভোটার উপস্থিতি কম হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা অনুকূল পরিবেশ তৈরি করেছি। কোথাও কোনো গোলযোগ হয়নি। শান্তিপূর্ণ ভোট হয়েছে। তারপরও কেন মানুষ ভোটে আসেননি তা বলতে পারবো না।’
নির্বাচন কমিশনের তথ্যমতে, সিলেট-৩ আসনের তিন উপজেলায় মোট ভোটার তিন লাখ ৫২ হাজার আর কেন্দ্র রয়েছে ১৪৯টি।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চলতি বছরের ১১ মার্চ সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যু হয়। এরপর ১৫ মার্চ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। গত ২৮ জুলাই এ আসনে নির্বাচন হওয়ার কথা থাকলেও করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় উচ্চ আদালতের নির্দেশে পিছিয়ে যায় নির্বাচন। আজ এ আসনে ভোটগ্রহণ হয়।