২০ মার্চ ২০২০


জুমার নামাজ পড়তে মসজিদে আসার আহ্বান ইফার

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে মুসল্লিদের বাসায় অজু করে সুন্নত নামাজ পড়ে জুমা আদায়ে মসজিদে আসার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। নফল নামাজও বাসায় পড়ার পরামর্শ দেয়া হয়েছে।

শুক্রবার ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ এক বার্তায় এ আহ্বান জানান।

এতে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাস মহামারী আকার ধারণ করায় এর সংক্রমণ এড়াতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সব ধরনের জনসমাগম পরিহার করাসহ বেশ কিছু নির্দেশনা দেয়া হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে শুক্রবার জুমার নামাজ পড়তে যাওয়ার আগে বাসায় অজু করে ও সুন্নত নামাজ পড়ে কেবল ফরজ নামাজ পড়ার জন্য মসজিদে আসতে মুসল্লিদের আহ্বান জানানো হচ্ছে।

এ ছাড়া যারা বিদেশফেরত ব্যক্তি, জ্বর-হাঁচি-কাশিতে আক্রান্ত ও অসুস্থ ব্যক্তি, তাদের মসজিদে বা জনসমাগমে যাওয়া থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয় ইসলামিক ফাউন্ডেশনের এ বার্তায়।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে গোটা বিশ্বে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন আড়াই লাখ মানুষ। বাংলাদেশেও করোনা থাবা বসিয়েছে। মারা গেছেন একজন, আক্রান্ত ১৭ জন। করোনাভাইরাস বাংলাদেশে শনাক্ত হয়েছে গত ৮ মার্চ।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সৌদি আরব-বাহরাইনসহ অনেক আরব দেশ মসজিদের বদলে ঘরে নামাজ আদায়ে উৎসাহিত করছে।

শেয়ার করুন