১৩ ডিসেম্বর ২০২৩
নুরুদ্দীন তাসলিম : শীতকালকে মুমিনের বসন্তকাল বলা হয়েছে হাদিসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, শীতকাল হচ্ছে মুমিনের বসন্তকাল।’ (মুসনাদে আহমাদ, হাদিস, ১১৬৫৬)
শীতকালে দিন ছোট, রাত বড়। এই সুযোগে মুমিনের জন্য দিন ও রাতে গুরুত্বপূর্ণ দুইটি নফল ইবাদত করা সহজ। এর একটি হচ্ছে দিনের বেলার রোজা, অপরটি হলো- রাত জেগে তাহাজ্জুদ নামাজ আদায়।
শীতের দিনের রোজা সম্পর্কে এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘শীতকালের রোজা হচ্ছে বিনা পরিশ্রমে যুদ্ধলব্ধ মালের অনুরূপ।’ (তিরমিজি, হাদিস, ৭৯৭)
শীতকালে ঠাণ্ডা থেকে বাঁচতে গরম পোশাক পরে থাকেন সবাই। মাফলার, রুমালে কান-চেহারা, গলা ঢেকে রাখেন অনেকে। ঠাণ্ডা থেকে আত্মরক্ষায় এই পদ্ধতি অবলম্বন স্বাভাবিক। তবে নামাজে এভাবে মুখ ঢেকে রাখা মাকরুহ। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক অবস্থায় এভাবে নামাজ আদায় করতে নিষেধ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় মুখমণ্ডল ঢাকতে নিষেধ করেছেন। (ইবনে মাজাহ, হাদিস, ৯৬৬)
তবে ঠাণ্ডা লেগে যাওয়ার তীব্র আশঙ্কা থাকলে এভাবে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে।
এএস // আতারা