৮ মার্চ ২০২০
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় সিংগুর এলাকায় সূর্যমুখী ফুল চাষ করে সফল হয়েছেন কৃষক সাব্বির উদ্দিন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বরমচাল ইউনিয়নের খাদিমপাড়া-সিংগুর গ্রামে সূর্যমুখী ফুল চাষ করে লাভবান হয়েছেন তিনি।
সাব্বিরের সূর্যমুখী ফুলের বাগানে প্রতিদিন পর্যটকদেন ভিড় জমে। প্রকৃতির এই হলুদ গালিচাকে উপভোগ করেন পর্যটকরা।
কৃষি অফিসের তথ্যমতে, এবছর উপজেলার বিভন্ন ইউনিয়নের ২০ বিঘা জমিতে কৃষকরা সূর্যমুখী ফুলের চাষ করেছেন। একই সাথে সূর্যমুখী চাষ করে বেশি লাভবান হয়েছেন উপজেলার বরমচাল ইউনিয়নের সিংগুর গ্রামের সাব্বির উদ্দিন।
কৃষক সাব্বির উদ্দিন জানান, তিনি ১ বিঘা জমিতে হাইসান-৩৬ জাতের সূর্যমুখী ফুলের চাষ করে লাভবান হয়েছেন। ইতিমধ্যে প্রতিটি গাছে ফুল ধরেছে।
তিনি আরো বলেন, প্রতিদিন বিকেলে শহরসহ আশপাশ এলাকা থেকে সৌন্দর্য পিয়াসুরা দল বেঁধে আসেন সূর্যমুখী ফুলের বাগান দেখতে। তিনি আশা করেন, সূর্যমুখী চাষে সফলতা আসবে।
কুলাউড়া উপজেলা কৃষি অফিসার জগলুল হায়দার বলেন, ‘আগেও উপজেলার বিভিন্ন ইউনিয়নে সূর্যমুখী ফুলের চাষ করা হলেও এবছর সূর্যমুখী ফুলের চাষ করে লাভবান হয়েছেন সাব্বির উদ্দিন। এ বছর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০ বিঘা জমিতে হাইসান-৩৬ জাতের সূর্যমুখী চাষ করা হয়েছে। কৃষকদের স্বাবলম্বী করতে সূর্যমুখী ফুল চাষে উৎসাহিত করা হয়েছে বলে জানান তিনি।
কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী বলেন, ‘কুলাউড়ায় সূর্যমুখী চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে বিনামূল্যে সূর্যমুখীর বীজ ও সার দেয়া হয়েছে।’আগামীতে আরও বেশি জমিতে সূর্যমুখীর চাষ হবে।