২৬ ফেব্রুয়ারি ২০২০
আরব আমিরাত প্রতিনিধিঃ আরব আমিরাত প্রবাসী সাংবাদিক ছড়াকার লুৎফুর রহমানের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে শিশুতোষ ছড়ার বই ‘খোকা যখন জাতির পিতা’ বের হয়েছে মেলায়।
লুৎফুর রহমান একজন সৃষ্টিশীল তরুণ। একাত্তর টিভির আরব আমিরাত প্রতিনিধি, ৫২ বাংলা টিভির বার্তা সম্পাদক, প্রবাসের নিউজের নির্বাহি সম্পাদক তিনি। লেখালেখিতে ছড়া তার প্রিয় বিষয় হলেও দেশ-বিদেশের স্থানীয় ও জাতীয় পত্র-পত্রিকা, ই-বুক এবং ব্লগে নিয়মিত বিচরণ। নবম শ্রেণীর ছাত্রাবস্থায় ২০০২ সালে ‘সূর্যেগড়া বাংলাদেশ’ দিয়ে সম্পাদনায় হাতে খড়ি। একে একে সম্পাদনা করেছেন ছোটকাগজ ঝিনুক, মিলন ও অঞ্জলী । ২০০৪ সাল থেকে নিয়মিত সম্পাদনা করছেন ‘মুকুল’ ।
২০০৬ সালে ঢাকার ছায়ানট থেকে ভারতের কলকাতা যান। সেখান থেকে ব্রতচারী দীক্ষা নিয়ে প্রশিক্ষক হিসেবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রশিক্ষণ দিয়েছেন মাধ্যমিক শিক্ষার্থীদের। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্দীপ্ত এ তরুণ একজন খেলাঘর কর্মীও। তার অগ্রণী ভূমিকায়‘খেলাঘর স্কুল-কলেজে যায়/ মুক্তিযুদ্ধের গল্পশোনায়’ কর্মসূচী বাংলাদেশে নতুন প্রজন্মকে উজ্জ্বীবিত করেছে। সংহতি সাহিত্য পরিষদ আমিরাত শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিশেবে কাজ করেছেন দক্ষতার সাথে। এছাড়া রোটার্যাক্ট ক্লাব অব বিয়ানীবাজারের প্রতিষ্ঠা করেছেন তিনি।
সিলেট জেলার সংস্কৃতিরশহর বিয়ানীবাজার পৌরশহরের নিদনপুর গ্রামে ১৯৮৭ সালের ১০ জুলাই লুৎফুর রহমান এর জন্ম । বাবা মাহমুদ আলী ও মা নাজমা মাহমুদ। ৩ ভাই ২ বোনের মাঝে তিনি সবার বড়। সংসার জীবনে স্ত্রী খালেদা রহমান এবং যমজ সন্তান হামযা রহমান বর্ণ ও ফাইযা রহমান মালাকে নিয়ে জীবনযাত্রা।
বিয়ানীবাজার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে প্রাতিষ্ঠানিক শিক্ষা সম্পন্ন করে ২০০৯ সাল থেকে জীবিকার তাগিদে আরব আমিরাত প্রবাসী। মুক্তিযুদ্ধের গণহত্যার উপর সর্বপ্রথম কোন ছড়াকারের ধারাবাহিক সিরিজ ছড়ার বই প্রকাশ করার অসামান্য অবদান রাখায় ২০১৫ সালে ঢাকা থেকে ‘শহিদ বুদ্ধিজীবি পদক’ পেয়েছেন।

উল্লেখ্য “খোকা যখন জাতির পিতা” বইটি অলংকরণ করেছেন দুবাই প্রবাসী তিশা সেন। বইটির প্রকাশনা করেছে উৎস প্রকাশন এবং নির্ধারত মূল্য হচ্ছে ১০০ টাকা।
ছড়াকারের প্রকাশিত বই সমূহ নিম্নরুপঃ
১। বিয়ানীবাজার কণ্ঠ (প্রমাণ্যগ্রন্থ)-২০০৭
২। স্বপ্নবালিকা (প্রেমের ছড়া)- ২০১১
৩। লাল সবুজের ছড়া, বিয়ানীবাজারে গড়া (গণহত্যা নিয়ে ছড়াগ্রন্থ)-২০১৩
৪। সুরমা ফারর ছড়া (সিলেটী ভাষার ছড়া)-২০১৩
৫। আমিরাতের পথে-ঘাটে (ভ্রমণগ্রন্থ)-২০১৪
৬। তেলমারো (সমকালিন ছড়া)-২০১৪
৭। বর্ণমালার ছড়া (শিশুতোষ ছড়া)-২০১৬
৮। ভালবাসা ডটকম (প্রেমের অণুছড়া)-২০১৬
৯। লাল সুবজের ছড়া (সিলেট বিভাগের গণহত্যা নিয়ে)-২০১৭
১০। ছড়া ৫২ (দেশ, ভাষা ও মুক্তিযুদ্ধের ছড়া)-২০১৮
১১। খোকা যখন জাতির পিতা (বঙ্গবন্ধুকে নিয়ে শিশুতোষ ছড়া)-২০২০