১৬ মার্চ ২০২৩


শান্তিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ : আহত ১৫

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ ঘটেছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার উফতিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে গুলি বর্ষণেরও অভিযোগ উঠেছে। এতে ৩ জন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সংবাদসূত্র জানায়, উফতিরপাড় গ্রামের সাইফুল মিয়া এবং গ্রাম পঞ্চায়েতের সাথে একই গ্রামের আমির আলীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল । অভিযোগ রয়েছে- গ্রামের চারটি গোষ্ঠীর চাপে পরিবার নিয়ে আমির আলী অন্যত্র অবস্থান করছিলেন।
সম্প্রতি সড়ক দুর্ঘটনায় এক আত্মীয় মারা গেলে মরদেহ দাফন করতে গ্রামে আসেন আমির আলী ও তার স্বজনরা। বুধবার দিনে আমীর আলীর বাড়িতে অস্ত্র নিয়ে কিছু লোকজন উপস্থিত রয়েছেন- এমন খবর ছড়িয়ে পড়লে গ্রামে উত্তেজনা সৃষ্টি হয়।

বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে হঠাৎ করে দুপক্ষের মাঝে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ চলাকালীন গুলিতে গ্রামের আব্দুল জলিলের ছেলে নূর আলম (৩৫), উস্তার উল্লার ছেলে আলীপাশা (৪০) ও মনর উদ্দিনের ছেলে ফজলু মিয়া (৩০) গুলিবিদ্ধ হন। এছাড়াও একজন নারীসহ আরও ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আহতদের সিলেট ওসমানী মেডিকেল হাসপাতাল ও সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে শান্তিগঞ্জ থানাপুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) সুবাশীষ ধর জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন