২৫ ফেব্রুয়ারি ২০২০


কুলাউড়ায় ‘পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজ’ এর ভিত্তি প্রস্তর স্থাপন

শেয়ার করুন

সাইফ জুনেদ, কুলাউড়া (মৌলভীবাজার) : কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নে পাইকপাড়া এম এ আহাদ নামে একটি নতুন কলেজের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে

মঙ্গলবার দুপুর ২টায় উপজেলার হাজিপুর ইউনিয়নে পাইকপাড়ায় কলেজের ভিত্তিপ্রস্থর স্থাপন ও শেখ অণু মিয়া নামে একটি একাডেমীক ভবনেরও ভিত্তিপ্রস্থর করা হয়। বিকেল তিনটায় কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল গফুরের সভাপতিত্বে ও কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ওয়াদুদ বক্সের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসন (হবিগঞ্জ ও মৌলভীবাজার) এর সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেণু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, হাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মবশি^র আলী, কলেজের প্রতিষ্ঠাতা পাইকপাড়া মোল্লাবাড়ির যুক্তরাষ্ট্র প্রবাসী এম এ আহাদ, কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজল উদ্দিন, কুলাউড়া বিআরডিবির সাবেক ভাইস চেয়ারম্যান তালুকদার সাইফুল ইসলাম, কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক কমিটির সদস্য সংবাদকর্মী সাইফুল আলম, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান প্রমুখ।

পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজের সাংগঠনিক কমিটির সাধারণ সম্পাদক সংবাদকর্মী সাইফুল আলম বলেন, হাজীপুর ইউনিয়নে তিনটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। প্রতিবছর বিদ্যালয়গুলো থেকে কয়েক শতাধিক ছাত্র-ছাত্রী এসএসসি পরীক্ষায় পাশ করে। এলাকায় কোন কলেজ না থাকায় ওই শিক্ষার্থীরা দূরবর্তী কলেজে ভর্তি হয়। এতে তাদের অনেক আর্থিক ক্ষতি ও যাতায়াতে ভোগান্তি হয়। এই কলেজ প্রতিষ্ঠা হলে শতভাগ ছাত্র-ছাত্রী নিজ এলাকায় থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত লেখাপড়ার সুযোগ পাবে। এসব বিষয় নিয়ে আমার ফেসবুক টাইমলাইনে পোস্ট করার পর এলাকার কয়েকজন প্রবাসী কলেজ প্রতিষ্টার ব্যাপারে ইতিবাচক সাড়া দেন। এলাকার কৃতি সন্তান পাইকপাড়া মোল্লাবাড়ির যুক্তরাষ্ট্র প্রবাসী এম এ আহাদ কলেজ প্রতিষ্ঠার ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। তিনি ১০০ শতক জমি কলেজের নামে দান করেন এবং আর্থিক সহযোগিতা করেন। এছাড়া কুয়েত প্রবাসী নিজামুর টিপুও তাঁর পিতা শেখ অণু মিয়ার নামে একটি একাডেমীক ভবন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। যুক্তরাষ্ট্র প্রবাসী এ আর নোমান কলেজে আরেকটি একাডেমীক ভবন করে দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। অবশেষে এলাকাবাসীর প্রাণের দাবীতে কলেজটি প্রতিষ্ঠায় আলোর মুখ দেখছে। কলেজের ভিত্তিপ্রস্থর স্থাপন হওয়ায় এলাকাবাসীর মধ্যে এখন আনন্দ বিরাজ করছে।

সচেতন মহল মনে করছেন, দক্ষিণাঞ্চলের শিক্ষার মান উন্নয়নে এই কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উল্লেখ্য এলাকার প্রতিটি শিক্ষা প্রতিস্টান পাইকপাড়া মোল্লাবাড়ির লোকের দারা প্রতিস্টিত হয়েছে।

শেয়ার করুন