১১ ফেব্রুয়ারি ২০২০
শাবি প্রতিনিধি : শহরে ছিনতাই বন্ধ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থী মোফাজ্জল হোসেন টিপুর ওপর ছিনতাইকারীদের হামলার প্রতিবাদে ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।
এতে বিভিন্ন বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ‘ছিনতাইমুক্ত সিলেট চাই’, ‘সন্ত্রাসমুক্ত শহর চাই’, ‘প্রতিরোধ-প্রতিবাদ, ছিনতাইকারী নিপাত যাক’, ‘আসুন সবাই এক হই, ছিনতাই নির্মূল করব-ই’ প্রভৃতি স্লোগান-সংবলিত প্ল্যাকার্ড বহন করেন।
সমাবেশে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এস এম নাঈমুল হাসান বলেন, শাবি শিক্ষার্থীদের জন্য সিলেট শহর অনিরাপদ হয়ে উঠছে। প্রতিনিয়ত ছিনতাইয়ের শিকার হচ্ছি আমরা। এমনকি ২০১৮ সালে ছিনতাইকারীদের হামলায় মাহিদ আল সালাম নামের একজন শিক্ষার্থী মৃত্যুবরণও করেন। আমরা আর কোনো ভাই-বোনের রক্ত দেখতে চাই না। প্রশাসনের কাছে অতিদ্রুত বিচার ও কার্যকর পদক্ষেপ নেয়ার জোর দাবি জানাচ্ছি।
প্রসঙ্গত, গতকাল সোমবার রাত ৮টার দিকে টিউশনি থেকে ফেরার পথে সিলেট শহরের জিতু মিয়ার পয়েন্টের পাশের স্থানে ছিনতাইকারীদের কবলে পড়েন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোফাজ্জল হোসেন টিপু। এ সময় মোবাইল ও টাকা দিতে না চাইলে ছিনতাইকারীরা তার হাত ও পায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।