৫ ফেব্রুয়ারি ২০২০
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুমকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করেছিল পুলিশ। কিন্তু স্থানীয় জনতা ও আওয়ামী লীগের বিক্ষোভের মুখে অবশেষে তাকে থানা থেকেই ছাড়তে বাধ্য হয় পুলিশ।
জানা যায়, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ থানার যৌথ অংশে ধুপড়িয়া বিল নিয়ে সৃষ্টি ঘটনায় প্রেক্ষিতে মঙ্গলবার রাতে আব্দুল কাইয়ুমকে গ্রেফতার করে পুলিশ। আর তাকে গ্রেফতারের পর পরই তার মুক্তির দাবীতে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্থানীয় বিপুল সংখ্যক জনতাকে সাথে নিয়ে রাত থেকেই ফেঞ্চুগঞ্জ থানার সামনে অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করেন।
মঙ্গলবার সারারাত থানার সামনে ও বাজারে অবস্থান করার পরও মুক্তি না দেওয়ায় বুধবার সকাল থেকে তারা সিলেট-মৌলভীবাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এসময় ফেঞ্চুগঞ্জ সেতুর দুইপাশে যানবাহন আটকে যায়। পরে আব্দুল কাইয়ুমকে মুক্তি দেয় ফেঞ্চুগঞ্জ থানা।
এসময় আওয়ামী লীগ নেতাকর্মীরা ও স্থানীয় জনতা দাবি বরেন- অন্যায় ভাবে গ্রেপ্তার করা হয়েছে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্যকে। তাই অন্যায়ের প্রতিবাদ করতে তারা সারারাত থানার সামনে অবস্থান ও মৌলভীবাজার সিলেট যোগাযোগ রাস্তা অবরুদ্ধ করেন ।
পরে জনতার দাবীর প্রেক্ষিতে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশক্রমে আব্দুল কাইয়ুমকে ছাড়তে বাধ্য হন ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান।