১ ফেব্রুয়ারি ২০২০
হবিগঞ্জ প্রতিনিধি : পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, ‘সিটি নির্বাচনে যারা ভোট দিতে আসেননি, তাদের একটি বড় অংশ খুব আরাম আয়েশে আছেন, বাসায় বসে কোরমা-পোলাও খাচ্ছেন। সরকারের ওপর আস্থা বেশি আছে বলেই মানুষ আরামে থাকছেন। সরকার ভালো কামলা, তাই সব গৃহস্থ বাড়িতে ঘুমাচ্ছেন।’
শনিবার দুপুরে হবিগঞ্জ সার্কিট হাউসে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের আগে ঢাকার দুই সিটি নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ‘ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেনের কাজ এডিপি অনুমোদনের পরপরই শুরু হবে। সরকার শুধু সিলেট নয়, সারা দেশের উন্নয়নের কাজ করছে।’
জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ আসনের এমপি আব্দুল মজিদ খান, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান প্রমুখ।