২৫ ফেব্রুয়ারি ২০২৩


সিলেটে সড়ক দুর্ঘটনা পুঁজি করে ভয়ঙ্কর প্রতারক চক্র : গ্রেফতার ১

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:  সড়ক দুর্ঘটনাকে পুঁজি করে সিলেটে গড়ে ওঠেছে ভয়ঙ্কর এক প্রতারক চক্র। র্যাব-পুলিশের কর্তব্যক্তি পরিচয়ে তারা গাড়ি মালিকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ টাকা। প্রতারক চক্রের এ সদস্যকে গ্রেফতার করে রিমান্ড চেয়েছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। তার নাম রাকিব হোসেন ওরফে সুমন মুল্লা (২৫)।

সম্প্রতি সিরেটের দক্ষিণ সুরমায় একটি সড়ক দুর্ঘটনার পর ওই প্রতারক চওক্রর তৎপরতা ধরা পড়ে পুলিশের কাছে। পরে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) অভিযান চালিয়ে দক্ষিণ সুরমা থানাপুলিশ এ প্রতারক চক্রের একজনকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, ওই চক্র সিলেটের বিভিন্ন সড়কে দুর্ঘটনাকবলিত গাড়িগুলোর মালিকদের মোবাইল ফোন নাম্বার সংগ্রহ করে কল দেয়। তারা নিজেদের র‍্যাব বা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দেয়। এর মামলার ভয় দেখিয়ে অনেকের কাছ থেকে বিকাশের মাধ্যমে হাতিয়ে নেয় মোটা অংকের টাকা।
গত ১০ ফেব্রুয়ারি দক্ষিণ সুরমার তেতলি এলাকায় হবিগঞ্জগামী একটি বাস সিলেটগামী একটি প্রাইভেট কারকে চাপা দিলে ৪ জন নিরহত হন। সংবাদমাধ্যমে এ ঘটনার খবর পাওয়ার পর সুমন নামের প্রতারক এসপি পদমর্যাদার র‍্যাব কর্মকর্তা পরিচয়ে দক্ষিণ সুরমা থানার ওসি’র সরকারি মুঠোফোনে কল দিয়ে বলে- হবিগঞ্জগামী বাসে এক বিচারকের ছেলে ছিলেন। তিনি আহত হয়েছেন। তাই ওই বাসের মালিকের ফোন নাম্বার প্রয়োজন। ওসির কাছ থেকে মোবাইল নাম্বার সংগ্রহ করে সুমন বাস মালিকের কাছে ফোন দিয়ে একই কথা বলে এবং মামলার ভয় দেখিয়ে বিকাশের মাধ্যমে ৩০ হাজার টাকা হাতিয়ে নেয়।

বাস মালিক বিষয়টি পরে দক্ষিণ সুরমা থানাপুলিশকে অবগত করেন। এর পর পুলিশ তদন্তে নামে এবং প্রযুক্তির সহায়তায় সুমনের ফোন নাম্বার ট্রেস করে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) তাকে গ্রেফতার করে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) তাকে আদালতে পাঠিয়ে ৩ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। রিমান্ড আবেদনের শুনানি সোমবার (২৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হওয়ার কথা । ধৃত সুমন মুল্লাসহ এ চক্রের আরও কয়েকজন প্রতারক সিলেটে অবস্থান করছে বলে তথ্য পেয়েছে পুলিশ। সিলেটে সড়ক দুর্ঘটনা ঘটলেই চক্রটি এমন অপতৎরতা শুরু করে। এ চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।

দক্ষিণ সুরমা থানার ওসি মো. কামরুল হাসান তালুকদার প্রতারক চক্রের এক সদস্য গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, তার সহযোগী প্রতারকদের খোজে বের করতে পুলিশের অভিযানে অব্যাহত রয়েছে ।

শেয়ার করুন