২১ জানুয়ারি ২০২০


ফুটপাতে স্টিলের দণ্ড!

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : ফুটপাত দিয়ে যানবাহন চালানো ঠেকাতে প্রতিবন্ধক বসিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। নগরের চৌহাট্টা থেকে রিকাবিবাজার সড়কের ফুটপাতে লাগানো হয়েছে স্টিলের দণ্ড। ফলে স্বস্তি এসেছে পথচারীদের।

সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান বলেন, ফুটপাত দিয়ে মোটরসাইকেল চালানো বন্ধ করতে এসএমপি পুলিশের ট্রাফিক বিভাগের সঙ্গে আলাপ করে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রথম অবস্থায় আলীয়া মাদরাসা মাঠ সংলগ্ন ভিআইপি সড়কের ফুটপাতে তিনটি এবং চৌহাট্টা এলাকার সড়কের ফুটপাতে আরো চার লাইনের প্রতিবন্ধক খাম্বা তৈরি করা হয়েছে। এসবের ভেতর দিয়ে লোকজন হেঁটে যেতে পারবেন, তবে মোটরসাইকেল নিয়ে যাওয়া যাবে না। এভাবে নগরের বিভিন্ন স্থানে ফুটপাতে প্রতিবন্ধক খাম্বা তৈরি করা হবে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ( ট্রাফিক) নিকোলিন চাকমা বলেন, ফুটপাত দিয়ে মোটরসাইকেল কিংবা কোনো ধরনের যানবাহন চালানো শাস্তিযোগ্য অপরাধ। ২০১৮ সালের মোটরযান আইনের ৯২(১) ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা যায়। এখন পর্যন্ত এ অপরাধে অন্তত ৩০টি মামলা হয়েছে। এরপরও যাতে কেউ ফুটপাত দিয়ে গাড়ি চালাতে না পারেন, সেজন্য প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। পথচারীদের চলাচলের জন্য ফুটপাত। কিন্তু তাতেও মানুষ যদি চলাচল না করতে পারে, তবে ফুটপাতের প্রয়োজন ছিল না। এই আইন মানতে প্রতিনিয়ত প্রচারণাও চালাচ্ছে ট্রাফিক বিভাগ। আর এ ধরনের প্রতিবন্ধক কেবল এই শহরেই নয়, নগরের অন্য শহরের সড়কের ফুটপাতেও লাগানো হবে।

শেয়ার করুন