১ অক্টোবর ২০২৩
আজকের সিলেট ডেস্ক : চাশ্রমিকের ন্যূনতম মজুরি ১৭০ টাকা নির্ধারণ করে শ্রম মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত গেজেট বাতিল করে দৈনিক নগদ মজুরি ৬০০ টাকা নির্ধারণ করে নতুন গেজেট প্রকাশ এবং এরিয়ারের সমুদয় টাকা অবিলম্বে প্রদানের দাবিতে বাংলাদেশ চাশ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। রোববার (১ অক্টোবর) বিকেলে নগরির আম্বরখানায় চাশ্রমিক ফেডারেশন সিলেট জেলার আহ্বায়ক রত্না বসাক এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য পেশ করেন, বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর,চাশ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা প্রণব জ্যোতি পাল, প্রজাপতি ছত্রী,সুগা মাহালী, সবিতা গোয়ালা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের মামুন বেপারি প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ‘দ্রব্যমূল্যের চরম উর্ধ্বগতিতে চাশ্রমিকরা যখন জীবনমান রক্ষায় দৈনিক নগদ মজুরি ৬০০টাকার ঘোষণার দাবিতে আন্দোলন করছেন তখন সরকার চাশ্রমিকদের পূর্বের মজুরি দৈনিক ১৭০ টাকা বহাল রাখার ঘোষণা দিয়েছেন।যা চাশ্রমিকদের স্বার্থ বিরোধী ও পক্ষপাতদুষ্ট। শ্রমিকদের সাথে আলোচনা না করে একতরফা ভাবে ৫ শতাংশ হারে ইনক্রিমেন্ট পরিহাসের সমান। এর আগে মালিক পক্ষের স্বার্থে সরকার এরিয়ার বিল ৩১০০০টাকার পরিবর্তে ১১হাজার টাকা ঘোষণা দিয়েছিলেন।”
এসময় বক্তারা অবিলম্বে নিম্নতম মজুরি বোর্ড কর্তৃক চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি ৬০০টাকা ঘোষণা করা ও এরিয়ারের সমুদয় টাকা পরিশোধের আহবান জানান।
এএস // স.বি // আতারা