২০ জানুয়ারি ২০২০


শাবির হলে মাদকাসক্তদের স্থান হবে না : ভিসি

শেয়ার করুন

শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, মাদকাসক্ত কোনো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আবাসিকগুলোতে থাকতে পারবে না। তাদের স্থান বিশ্ববিদ্যালয়ের হলে হবে না। মাদকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় সোচ্চার। নতুন বছরে মাদকাসক্ত কাউকে হলে ভর্তি হতে দেওয়া হবে না। এছাড়া সন্দেহজনক শিক্ষার্থীদেরকে যেকোনো সময় মাদকাসক্তের পরীক্ষা করানো হবে।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলের ডাইনিং সংস্কারের পর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

উপাচার্য আরও বলেন, ‘নতুন শিক্ষার্থীদের ভর্তির সময় আমরাই প্রথম মাদকাসক্ত নির্ণয়ের জন্য ডোপ টেস্ট চালু করেছি, যা সারাদেশে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। আমরা চাই প্রত্যেক শিক্ষার্থী মাদক থেকে দূরে থাকুক। সবাইকে আমরা নজরদারিতে রাখছি। সবার সহযোগিতা পেলে আমরা ক্যাম্পাসকে মাদকমুক্ত করতে পারবো।’

উদ্বোধকালে উপাচার্য আরও বলেন, ‘ভর্তি ছাড়া শিক্ষার্থীরা কোনো আবাসিক হলে থাকতে পারবে না। শুধুমাত্র যারা রেজিস্ট্রেশন করবে, তারাই আবাসিক হলে থাকতে পারবে। অন্যথায় হলে কেউ থাকতে পারবে না। আমরা চাই বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা বজায় থাকুক।’ এ সময় ছাত্রদেরকে হলে রেজিস্ট্রেশন করার আহ্বান জানান উপাচার্য।

তিনি বলেন, ‘আগামী ৩-৪ বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ৮০ শতাংশ শিক্ষার্থীর আবাসন সুবিধা নিশ্চিত হবে। পাশাপাশি আগামীতে বিশ্ববিদ্যালয়ের চলমান প্রকল্প বাস্তবায়ন হলে অবকাঠামোগত সার্বিক সমস্যার সমাধান হবে। আমরা সবাই মিলে কাজ করলে এগিয়ে যাবে আমাদের বিশ্ববিদ্যালয়। আমরা চাই শুধু বিজ্ঞান ও প্রযুক্তির দিক দিয়ে নয়, বরং সার্বিক দিক দিয়ে শাবি হবে দেশের সেরা বিশ্ববিদ্যালয়।’

এ সময় শাহপরান হলে বিভিন্ন ধরণের পদক্ষেপ ও পরিবর্তন দেখে উপাচার্য বলেন, ‘শাহপরাণ হলে অনেক উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছে। এজন্য হল প্রভোস্টকে ধন্যবাদ জানাই। ভালোর জন্য আইডিয়া এলে তা বাস্তবায়ন করা হবে।

অন্য আবাসিক হলগুলোতে পরিবর্তনে হল প্রভোস্টবৃন্দ উদ্যোগ নিলে তা বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের আশ্বাস দেন উপাচার্য।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, শাহপরাণ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান খানসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সহকারী প্রক্টরগণ, শাহপরান হলের সহকারী প্রভোস্টগণ, কর্মকর্তা-কর্মচারী ও হলের আবাসিক শিক্ষার্থীরা।

শেয়ার করুন