২ জানুয়ারি ২০২০
বালাগঞ্জ প্রতিনিধি : বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরিপুর ইউনিয়নে একটি সালিশ বৈঠকে আনজব উল্লাহ (৬০) নামের এক বৃদ্ধ খুন হয়েছেন। নিহত আনজব উল্লাহর বাড়ি একই গ্রামে।
বুধবার রাতে উপজেলার হরিশ্যাম গ্রামের নুর মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গত কয়েকদিন আগে ইউনিয়নের সাবেক মেম্বার আহমদের জমিতে শ্রমিক হিসেবে ধান রোপন করতে যান আনজব উল্লাহসহ কয়েকজন। কিন্তু জমিতে পানি বেশী থাকায় তারা ধান রোপনে অনীহা প্রকাশ করেন, কিন্তু আহমদ মেম্বার তাদেরকে ধান রোপন করতে জোর করলে দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়।
এ ঘটনা সমাধানের লক্ষ্যে বুধবার রাতে গ্রামের নুর মিয়ার বাড়িতে সালিশ বৈঠক ডাকা হয়। সালিশের এক পর্যায়ে আহমদ মেম্বারের লোকজন ধারালো অস্ত্র দিয়ে আনজব উল্লাহকে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- লাশ পোস্টমর্টেমের জন্য সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।