৫ ডিসেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক : প্রায় ১৪ বছর পর সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এ সম্মেলন ঘিরে উৎসবের নগরে পরিণত হয়েছে বিভাগীয় নগর সিলেট। পদ-প্রত্যাশী নেতা-কর্মীদের ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো নগরী। সভাপতি ও সাধারণ সম্পাদক পদ বাগিয়ে নিতে দলের দুই ডজনেরও অধিক নেতা জোর লবিং-প্রচারণা চালাচ্ছেন। তবে শেষ পর্যন্ত ‘নির্বাচন’ এর মাধ্যমে নাকি ‘সমঝোতা’র ভিত্তিতে এ কমিটি গঠন হবে তা নিয়েও জল্পনার শেষ নেই।
তবে দলটির একাধিক দ্বায়িত্বশীল সূত্র জানিয়েছে, গুরুত্বপূর্ণ ইউনিট হওয়ার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে ভোট ছাড়াই কমিটি আসতে পারে। তারপরেও হাল ছাড়ছেন না পদপ্রত্যাশীরা। প্রার্থীদের মধ্যে জেলায় ১৪ জন এবং মহানগরে ১২ জন নেতা রয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। সভাপতিত্ব করবেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান।
সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী জানান, কাউন্সিলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও দলের সিলেট বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
তিনি জানান, কাউন্সিলকে ঘিরে দলের নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আবহ বিরাজ করছে। সম্ভাব্য পদ প্রত্যাশীরা দলের কাউন্সিলরের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করে চলেছেন। তিনি বলেন, সম্মেলনের প্রথম অধিবেশন আলীয়া মাদ্রাসা মাঠে এবং দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে কবি নজরুল অডিটোরিয়ামে।
এদিকে, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি পদে এ পর্যন্ত ৬ জন ও সাধারণ সম্পাদক পদে ৮ জনের নাম আলোচনায় রয়েছে। সভাপতি পদে বর্তমান কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান চৌধুরী, বর্তমান সহ-সভাপতি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি, বর্তমান সহ-সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস এমপি, বর্তমান সহ-সভাপতি ও সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, বর্তমান সহ-সভাপতি মাসুক উদ্দিন আহমদ এবং বর্তমান সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর নাম শোনা যাচ্ছে।
সাধারণ সম্পাদক পদের জন্যে বর্তমান কমিটির সহ-সভাপতি এডভোকেট শাহ ফরিদ আহমদ, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, বর্তমান দপ্তর সম্পাদক সাইফুল আলম রুহেল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, বর্তমান উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী এবং বর্তমান কমিটির সদস্য অধ্যক্ষ শামসুল ইসলাম জোর লবিং করছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
মহানগরের সভাপতি-সম্পাদক পদে আলোচনায় রয়েছেন যারা ॥ সিলেট মহানগর আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক হচ্ছেন যথাক্রমে বদর উদ্দিন আহমদ কামরান ও আসাদ উদ্দিন আহমদ। সভাপতি পদে এ দুজন ছাড়াও অন্য যাদের নাম আলোচনায় রয়েছে-তারা হলেন বর্তমান কমিটির সহ-সভাপতি এডভোকেট রাজ উদ্দিন, এডভোকেট মফুর আলী ও মুক্তিযোদ্ধা আব্দুল খালিক। এছাড়া, সাধারণ সম্পাদক পদ পেতে লবিংয়ে রয়েছেন-বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক ফয়জুল আনোয়ার আলোয়ার, অধ্যাপক জাকির হোসেন ও বিজিত চৌধুরী, বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ও এটিএম হাসান জেবুল, শিক্ষা সম্পাদক আজাদুর রহমান আজাদ, তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র এবং সংস্কৃতি সম্পাদক প্রিন্স সদরুজ্জামান।
প্রসঙ্গত, ২০০৫ সালে সিলেট জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সম্মেলনে আ ন ম শফিকুল হক সভাপতি এবং ইফতেখার হোসেন শামীম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দল ক্ষমতায় আসার পর সম্মেলন ছাড়াই ২০১১ সালের ২২ নভেম্বর ৬৯ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়। আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানকে সভাপতি ও শফিকুর রহমান চৌধুরীকে সাধারণ সম্পাদক করে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কমিটি অনুমোদন দেন।