৩ ডিসেম্বর ২০১৯


পরিবর্তন আসছে জেলা আওয়ামী লীগে

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক : সিলেটে আওয়ামী লীগের সম্মেলনকে সামনে নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে বইছে উৎসাহের আমেজ। দীর্ঘদিন পর এই সম্মেলনে কারা আসছেন নতুন নেতেৃত্বে এনিয়ে সর্বত্র চলছে আলোচনা-সমালোচনা। দলের ভেতরে ক্লিন ইমেজকে কাজে লাগিয়ে পদ পদবী নিজেদের পক্ষে নিয়ে আসতে লবিংয়ে ব্যস্থ দলটির নেতারা।

সিলেট জেলা আওয়ামী লীগ দীর্ঘদিন থেকে চলছে ভারপ্রাপ্ত সভাপতি দিয়ে। আর যিনি সভাপতির দায়িত্ব পালান করছেন তিনিও অসুস্থ। অন্যদিকে সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা শফিকুর রহমান চৌধুরীও লবিং করছেন সভাপতি হতে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় জেলা আওয়ামী লীগ যে নতুন নেতৃত্ব পাচ্ছে তা প্রায় নিশ্চিত।

দলীয় নেতাকর্মীসহ অনেকেই ধারণা করছেন- এবারের কমিটিতে বড় ধরনের পরিবর্তন আসছে। যারা দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতি থেকে শুরু করে পর্যায়ক্রমে আওয়ামী লীগের হাল ধরে আছেন, ঘুরেফিরে তারাই কমিটিতে থাকছেন। এ ক্ষেত্রে পদ-পদবির রদবদল হতে পারে। আগামী ৫ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলনে কমিটি গঠনের প্রক্রিয়া যে পদ্ধতিতেই হোক, নতুন নেতৃত্ব আরও গতিশীল করার প্রত্যয় রেখে আলোচনায় আছেন ডজনখানেক নেতা। সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য এসব নেতার অনেকেই বিভিন্নভাবে প্রচারণার পাশাপাশি কেন্দ্রীয় নেতাদের সহানুভূতি পেতে তৎপর রয়েছেন। রাখছেন তৃণমূলের সঙ্গে সম্পর্কও।

একাধিক নেতাকর্মীর সঙ্গে আলাপ করে জানা গেছে, সিলেট জেলা আওয়ামী লীগের কমিটিতে সভাপতি হিসেবে তালিকায় রয়েছেন বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, বর্তমান সহ-সভাপতি ও প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ, বর্তমান সহ-সভাপতি ও সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, বর্তমান সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সহ সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ, জেলা বারের সাবেক সভাপতি রুহুল আনাম চৌধুরী মিন্টু। এর মধ্যে বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান বয়সের কারণে শেষ পর্যন্ত সরে দাঁড়াতে পারেন।

২০০৫ সালে সিলেট জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই বছর কমিটি ঘোষণা করার কথা থাকলেও ২০১১ সালে সম্মেলন ছাড়াই আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানকে সভাপতি ও শফিকুর রহমানকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ২০১৫ সালে সুফিয়ান মারা গেলে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান অ্যাডভোকেট লুৎফুর রহমান। চার বছর ধরে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি। বর্ষীয়ান ওই রাজনীতিক পাশাপাশি জেলা পরিষদের চেয়ারম্যানেরও দায়িত্ব পালন করছেন। তিনি সভাপতি পদে প্রত্যাশী হলেও শেষ পর্যন্ত সরে দাঁড়াতে পারেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠজনরা।

দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার জেলা আওয়ামী লীগের কমিটিতে পরিবর্তন আসছে বিভিন্ন পদে। বিশেষ করে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পরিবর্তন হচ্ছে। সিনিয়র সহ সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক পদেও নতুন কিছু মুখ আসতে পারে। তবে বর্তমান কমিটির বিভিন্ন পদে থাকা অধিকাংশ নেতাই ছাত্রলীগের রাজনীতি থেকে শুরু করে আওয়ামী লীগে এসেছেন।

বর্তমান কমিটির সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেন, পদের জন্য আমি দৌড়ঝাঁপ করা পছন্দ করি না। অতীত কর্মকাণ্ডই আমাকে মূল্যায়ন করবে। বড় কথা হচ্ছে, দলীয় নেত্রী যাকে দায়িত্ব দেবেন, তাকেই আমরা মেনে নেব।

সভাপতি প্রার্থীর তালিকায় বর্তমান কমিটির সহ সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ রাজনীতির পাশাপাশি দীর্ঘদিন জণপ্রতিনিধিত্ব করেন। মাসুক উদ্দিন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। ক্লিন ইমেজ হিসেবে তার সুনামও রয়েছে। আরেক সহসভাপতি ও সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ছাত্রলীগ ছাড়াও দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আরেক প্রার্থী রুহুল আনাম চৌধুরী মিন্টু জেলা বারের একাধিকবারের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

অন্যদিকে সাধারণ সম্পাদক প্রার্থীর সম্ভাব্য তালিকায় আছেন- বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অ্যাডভোকেট নাসির উদ্দিন খান ও বর্তমান কমিটির উপ দপ্তর সম্পাদক সভাপতি জগলু চৌধুরী। এদের অনেকেই ছাত্রলীগ থেকে শুরু করে এ পর্যায়ে এসেছেন।

প্রার্থী প্রসঙ্গে জগলু চৌধুরী বলেন, ‘তৃণমূলের নেতাকর্মীরা আমাকে সমর্থন জানিয়েছে। আশা করি সাংগঠনিকভাবে দক্ষ ও ক্লিন ইমেজের ব্যক্তিরাই এবার নেতৃত্বে আসবেন।’

সূত্রমতে, ৫ ডিসেম্বরের সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সিলেটের দায়িত্বপাপ্ত সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনসহ কেন্দ্রীয় নেতারা আসছেন। ওই দিন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হতে পারে। কাউন্সিল না সমঝোতার ভিত্তিতে কমিটি হবে, বিষয়টি এখনও খোলাসা হয়নি। তবে সমঝোতার ভিত্তিতে কমিটি হওয়ার পাল্লাই ভারী বলে জানা গেছে। সম্মেলনের পর ঢাকা থেকেই নাম ঘোষণা করা হতে পারে, এমন আভাসও দিয়েছেন পদপ্রত্যাশীদের অনেকে।

শেয়ার করুন