১৯ নভেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক : পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম বাড়ানো ও গুজব ছড়িয়ে লবণের দাম বাড়ানোর চেষ্টা প্রতিহতে মাঠে নেমেছে সিলেট সিটি করপোরেশেন (সিসিক)। এসময় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো- ইনসাফ গ্রোসারী ১০ হাজার, এসএম ট্রেডার্স ২০ হাজার ও আনিস মিয়া স্টোর ১০ হাজার টাকা।
মঙ্গলবার দুপুরে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে নগরের লালবাজার, ব্রহ্মময়ী বাজারসহ বেশ কয়েকটি স্থানে অভিযান চালানো হয়।
এরপর মাংসের বাজারে অভিযান চালিয়ে পঁচা-বাসি মাংস রাখার অপরাধে দু’টি দোকানের মাংস জব্দ করা হয়েছে। এসময় ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
এসময় সিটি মেয়র বলেন, ব্যবসা হচ্ছে হালাল তরিকা। কিন্তু ব্যবসার নামে অনিয়ম ধর্মেও সমর্থন করে না। তাই কোনো পাইকারি ব্যবসায়ী পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুদ করে রাখলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা এবং প্রয়োজনে ব্যবসাপ্রতিষ্ঠান সিলগালা করা হবে। অনিয়ম বিরুদ্ধে নগরীতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এছাড়া নগরের লালবাজারে আজাদ বোর্ডিয়ে অভিযান চালিয়ে যৌনকর্মী ও খদ্দেরসহ ১২ জনকে আটক করা হয়েছে। এরপর পতিতাবৃত্তি চালানোর অপরাধে হোটেলটি সিলগালা করা হয়।
অভিযানে সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন ছাড়াও নির্বাহী প্রকৌশলী আলী আকবর, লাইসেন্স কর্মকর্তা মো. জাহাঙ্গীরসহ সিসিকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।