২৭ অক্টোবর ২০১৯


দুই মিনিট দেরীর জন্য কেন্দ্রে ঢুকতে দেয়া হলো না!

শেয়ার করুন

শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষার্থীবর্ষের ‘এ’ ইউনিটের পরীক্ষায় দুই মিনিট দেরিতে আসায় কেন্দ্রে প্রবেশ করতে পারেনি এক ভর্তিচ্ছু শিক্ষার্থী। এসময় শিক্ষার্থী রিনা বেগম ঐ পরীক্ষা কেন্দ্রের ইনচার্জ এবং পরবর্তীতে ভর্তি কমিটির সভাপতির সাথে যোগাযোগ করেও পরীক্ষা দিতে পারেনি বলে অভিযোগ উঠেছে।

শনিবার সকাল সাড়ে ৯টায় সিলেটের পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ঘটনাটি ঘটে। পরীক্ষা কেন্দ্রের ইনচার্জের দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হোসেন আল মামুন। পরীক্ষা ৯.৩০ টার সময় শুরু হয়, কিন্তু পরীক্ষার্থী রিনা বেগম দুই মিনিট দেরিতে কেন্দ্রের সামনে যান। পরবর্তীতে কেন্দ্র ইনচার্জের সাথে সে যোগাযোগ করলে তাকে কেন্দ্র ঢুকতে দেওয়া হয়নি। এরপরে তার অভিভাবক ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. বেলাল উদ্দিনের সাথে যোগাযোগ করেন। কিন্তু সভাপতির পক্ষ থেকে পরপর দুইবার কেন্দ্র ইনচার্জের সাথে যোগাযোগ করে শিক্ষার্থীকে পরীক্ষার জন্য সুযোগ দেওয়ার অনুরোধ করা হলেও তাকে ঢুকতে দেওয়া হয়নি।

ভুক্তভোগী শিক্ষার্থীর ভাই আক্তার হোসেন বলেন, ‘সকালে বৃষ্টি ও যানজট থাকায় আমরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে দুই মিনিট দেরি করি। কেন্দ্রে গিয়ে প্রবেশ করতে করতে চাইলে দারোয়ান বাধা প্রদান করে এবং কেন্দ্র প্রধানের অনুমতি লাগবে বলে আমাদের জানান। পরবর্তীতে আমরা অপেক্ষা করলে ২/৩ মিনিট পর সে আসে এবং তাকে সেন্টার থেকে বলা হয়েছে পরীক্ষার্থী এখন ঢুকতে পারবে না। পরবর্তীতে উপস্থিত অন্যান্য অভিভাবকবৃন্দও মানবিক দৃষ্টিকোন থেকে নেওয়ার জন্য দাবি জানায়। তখন দায়িত্বরত শিক্ষক গেইটে আসে এবং বলে এটা আমাদের নিয়ম নেই ঢুকানো যাবে না। এ অবস্থায় আমাদের দশ মিনিট চলে গেছে। সাথে সাথে একজন অভিভাবক আমাকে ভর্তি কমিটির সভাপতির নাম্বার দিলে আমি সভাপতির সাথে যোগাযোগ করি। তিনি পরবর্তীতে কেন্দ্রে অধ্যাপক ড. হোসেন আল মামুনের সাথে যোগাযোগ করে এবং কেন্দ্রে প্রবেশ করানোর জন্য বলে এরপরও তিনি প্রবেশ করতে দেননি। পরবর্তীতে আমার বোন ব্যাপক কান্নাকাটি করে। এছাড়া এখানের এক শিক্ষার্থীদের মাধ্যমেও তাকে প্রবেশ করানোর জন্য আমি ভর্তি কমিটির সভাপতিকে অনুরোধ করাই কিন্তু এরপরও তিনি কেন্দ্রে তাকে প্রবেশ করাতে ব্যর্থ হন।’

তিনি আরও বলেন, ‘আমরা হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা থেকে এসেছি। বৃষ্টির মধ্যে ভিজে এবং যানজট ঠেলে এসেছিলাম।’

ঘটনাটি নিয়ে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়রন নবীগঞ্জের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাহিত্য সম্পাদক আব্দুল হাদি বলেন, ‘আমিও যোগাযোগ করে অনুরোধ করি। কিন্তু এরপরও তাকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি।’

ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. বেলাল উদ্দিন বলেন, ‘দুই মিনিট নয় অনেক পরে আসছে। আমরা কন্ট্রোল রুম থেকে সম্পূর্ণ সহযোগিতা দিয়েছি কিন্তু সে ঢুকতে পারেনি। আমার সাথে যোগাযোগ করলে আমি মোবাইলে দুইবার কেন্দ্র ইনচার্জকে নেওয়ার জন্য অনুরোধ করি।’ ভর্তি কমিটির পক্ষ থেকে অনুরোধ করার পরও নেওয়া হল না কেন? এমন প্রশ্ন করলে তিনি বলেন, ‘যে নেয়নি তার সাথে যোগাযোগ করো।’

এ বিষয়ে জানতে কেন্দ্রের ইনচার্জ অধ্যাপক ড. হোসেন আল মামুনের সাথে মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও উনি সাড়া প্রদান করেননি।

যোগাযোগ করলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘ঐ সময় যদি জানতাম তাহলে একটি ব্যবস্থা করা যেতো। এখন এইটার জন্য আমরা দুঃখ প্রকাশ করতে পারি। আর কিছু করা যাচ্ছে না। সেন্টার ইনচার্জদের মিটিং এ আনঅফিসিয়াললি আমরা বলে দিয়েছিলাম ২/৪ মিনিট পরে আসলে যাতে প্রবেশ করতে দেওয়া হয়। কারণ অনেক দূর থেকে তারা আসবে যাতে তাদের এই সুযোগটুকু দেওয়া হয়। যেহেতু ঘটনাটি ইতিমধ্যে ঘটে গেছে এটা এখন সমাধান করা যাবে না।’

শেয়ার করুন