২১ অক্টোবর ২০১৯
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরীর (৪০) হাত-পায়ের রগ কাটার ঘটনায় ৭ সন্ত্রাসীকে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন- হবিগঞ্জ পৌর যুবলীগের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক দিলুয়ার খান, সদস্য আবুল কাশেম রুবেল, রাহুল দাশ গুপ্ত, জুয়েল খান, কামলা খান, জামাল খান ও শিমুল আহমেদ।
সোমবার দুপুরে আদালতে আত্মসমর্পণ করলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া কামাল তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে ২৪ সেপ্টেম্বর উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহের আগাম জামিন পান তারা।
গত ১৮ সেপ্টেম্বর দুপুরে জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরীকে প্রকাশ্যে কুপিয়ে দুই হাত ও ডান পায়ের রগ কেটে দেয় অপর যুবলীগ নেতা দিলুয়ার খান ও তার বাহিনী। গুরুতর আহত অবস্থায় বিপ্লব চৌধুরীকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরদিন ১৯ সেপ্টেম্বর হবিগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক হামলাকারী দিলুয়ার খান, সদস্য আবুল কাশেম রুবেল ও রাহুল দাশ গুপ্তকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়। একইদিন হবিগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন খান বাদী হয়ে ৭ জনকে আসামি করে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।