১৯ অক্টোবর ২০১৯

উপজেলা প্রতিনিধি, বিয়ানীবাজার : সিলেটের বিয়ানীবাজারে দুটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
শনিবার দুপুর ১২টার দিকে বিয়ানীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের উপজেলার চারখাই ইউনিয়নের কামারগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বিয়ানীবাজার থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা চারখাই ইউনিয়নের কামারগ্রামের আসার পর বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলে তাহমিনা আক্তার (১৮) নামের এক তরুণী ও হাসপাতালে নেয়ার পথে তিন্নি বেগম (৮) নামের আরেক শিশু নিহত হন। এ ঘটনায় নারীসহ আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদেরকে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন স্থানীয়রা।
নিহত তাহমিনা বেগম (১৮) উপজেলার শেওলা ইউনিয়নের কাকরদিয়া এলাকার বাসিন্দা। নিহত অপরজন তাহমিনার খালাতো বোন তিন্নি বেগম (৮) বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের গুদামবাজার এলাকার বাসিন্দা।
বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) জাহিদুল হক জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।