১১ অক্টোবর ২০১৯


ওসি যোগদানের বর্ষপূর্তিতে বর্ণাঢ্য আয়োজন, সমালোচনার ঝড়

শেয়ার করুন

উপজেলা প্রতিনিধি, ওসমানীনগর: থানা কম্পাউন্ডে বর্ণাঢ্য অনুষ্ঠান ও নৈশভোজের মধ্য দিয়ে সিলেটের ওসমানীনগর থানার ওসি এসএম আল মামুনের থানায় যোগদানের বর্ষপূর্তি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে ওসমানীনগর থানা পুলিশের উদ্যোগে বণার্ঢ্য আয়োজনের মাধ্যমে এই কর্মসূচী পালন করা হয়।

অনুষ্ঠানে ওসি এসএম আল মামুনসহ বিভিন্ন পুলিশ কর্মকর্তাগণের পরিবার ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ শতাধিক লোক উপস্থিত ছিলেন বলে জানা যায়। থানা কম্পাউন্ডের ভিতরে সাউন্ড সিস্টেমের মাধ্যমে গভীর রাত পর্যন্ত চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে শেরওয়ানি পরে বরের বেশে এসে কেক কাটেন ওসি আল মামুন। অনুষ্ঠানে নামি দামী শিল্পীরা পারফরমেন্স করেন। নৈশভোজে মাছ, মাংসসহ অনেক ধরণের খাবার পরিবেশন করা হয়। কারো চাকুরীতে যোগদানের বর্ষপুর্তীতে ওসমানীনগর থানায় এর আগে কখনো এ ধরণের অনুষ্ঠান হতে দেখা যায়নি। ফেসবুকে এই অনুষ্ঠানের লাইভ ভিডিওসহ স্থির চিত্র ছড়িয়ে পড়ার পর এলাকা জুড়ে সমালোচনার সৃষ্টি হয়। অনেকে ফেসবুকে বিরূপ মন্তব্যও করেছেন।

ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু বলেন, ওসি সাহেবের পক্ষ থেকে তাৎক্ষণিক দাওয়াত পেয়ে সেখানে গিয়েছিলাম। দাওয়াত খেয়ে চলে এসেছি। ওসির বর্ষপূর্তিতে এরকম অনুষ্ঠান আগে কখনো দেখিনি।

ওসমানীনগর উপজেলা যুবলীগের সভাপতি আনা মিয়া বলেন, দাওয়াত পেয়ে অনুষ্ঠানে গিয়ে দেখি ওসির বর্ষপূর্তী উপলক্ষ্যে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। আমি দাওয়াত খেয়ে চলে এসেছি।

এ ব্যাপারে ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদাল মিয়া বলেন, খাবার দাওয়াত পেয়ে থানায় গিয়ে দেখি এ আয়োজন।

জেলা পরিষদ সদস্য আশিক মিয়া বলেন, থানায় এ ধরণের অনুষ্ঠান আমি প্রথম শোনলাম। গান বাজনার আয়োজন না করে গরিবদের খাওয়ালে ভালো লাগতো।

ওসি এসএম আল-মামুন ওসমানীনগর থানায় যোগদানের একবছর পুর্তীতে এ ধরণের আয়োজনের বিষয়টি নিশ্চিত করে বলেন, সকলের সহযোগিতায় অনুষ্ঠানটি সুন্দর হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, কর্মস্থলে যোগদানের বর্ষপুর্তিতে এ ধরণের অনুষ্টান আয়োজনের কোন নিয়ম নেই। এ বিষয়ে আমি জ্ঞাত নই। আমাকে কেউ কিছু বলেনি।

সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল হাসান বিপিএম (বার) বলেন, সিলেট রেঞ্জে যোগদানের আমারওতো প্রায় তিন বছর হয়ে গেলো। কই, কখনো তো এ ধরণের অনুষ্ঠান করতে দেইনি। ওসি যোগদানের একবছর পূর্তিতে ওসমানীনগর থানায় এ ধরণের আয়োজনের বিষয়ে আমি কিছু জানি না। বিষয়টি অবশ্যই দেখবো।

শেয়ার করুন