১৩ মার্চ ২০২৩
ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় পূর্ণিমা দাস বন্যা (২০) নামে এক কলেজছাত্রী ও ইউসুফ আলী (৩০) নামে ব্যাটারিচালিত রিকশার চালক নিহত হয়েছেন। ইউসুফ আলী হাসপাতালে নেওয়ার পথে এবং পূর্ণিমা দাস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জানা গেছে, রোব্বার বিকেল সাড়ে ৪টায় মৌলভীবাজার জেলা থেকে সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এসে মহাসড়কের পাশে গোয়ালাবাজার সরকারি মহিলা কলেজের সামনে একটি লোকাল বাস থেকে নামতে গিয়ে পা ফসকে পড়ে যান কলেজছাত্রী পূর্ণিমা দাস। এসময় মাথার পিছনে গুরুতর আঘাত পেয়ে জ্ঞান হারান পূর্নিমা, স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু ঘটে।
পূর্ণিমা ওসমানীনগর উপজেলার দত্তগ্রামের বাচ্চু দাসের মেয়ে। তিনি মৌলভীবাজার নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব। একই দিন সন্ধ্যায় উপজেলার মোতিয়ারগাঁও কলারাই সড়কে ব্যাটারিচালিত রিকশা উল্টে চালক ইউসুফ আলী নিহত হয়েছেন। নিহত ইউসুফ মোতিয়ার গাঁওয়ের নুরুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে ইউসুফ আলী যাত্রী নিয়ে মোতিয়ারগাঁওয়ে যান। যাত্রী নামিয়ে ঘুরানোর সময় রিকশা উল্টে সড়কের পাশে একটি জমিতে পড়ে মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।