৬ অক্টোবর ২০১৯
ডেস্ক রিপোর্ট

সিলেট : উগ্রপন্থী সন্ত্রাসীদের চাপাতির কোপে নিহত বিজ্ঞানমনষ্ক লেখক-ব্লগার অনন্ত বিজয় দাশের ৩৭তম জন্মদিন আজ। মৃত্যু পরবর্তী এটা তাঁর চতুর্থ জন্মদিন। ১৯৮২ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি।
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেন অনন্ত বিজয়। এরপর কর্মকর্তা হিসেবে যোগ দেন পূবালী ব্যাংকে। পূবালী ব্যাংক সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার শাখায় আইটি হিসেবে কর্মরত ছিলেন তিনি।
অনন্ত বিজয় দাশ ছিলেন বিজ্ঞান ও বিজ্ঞানমনস্কতার ছোট কাগজ ‘যুক্তি’র সম্পাদক। মানবতা এবং যুক্তিবাদ প্রতিষ্ঠায় অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ ২০০৬ সালে মুক্তমনা ন্যাশনালিস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন।
তার প্রকাশিত গ্রন্থ: (১) পার্থিব, (সহ-লেখক সৈকত চৌধুরী), শুদ্ধস্বর, ঢাকা, ২০১১। (২) ডারউইন : একুশ শতকে প্রাসঙ্গিকতা এবং ভাবনা, (সম্পাদিত), অবসর, ঢাকা, ২০১১। (৩) সোভিয়েত ইউনিয়নে বিজ্ঞান ও বিপ্লব : লিসেঙ্কো অধ্যায়, শুদ্ধস্বর, ঢাকা, ২০১২। (৪) জীববিবর্তন সাধারণ পাঠ (মূল: ফ্রান্সিসকো জে. আয়াল, অনুবাদ: অনন্ত বিজয় দাশ ও সিদ্ধার্থ ধর), চৈতন্য প্রকাশন, সিলেট, ২০১৪।
২০১৫ সালের ১২ মে সকাল সাড়ে ৮টায় সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় নিজ বাসার অদূরে অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ হত্যাকাণ্ডের ব্যাপারে ১২ মে রাতেই অজ্ঞাত পরিচয় ৪ জনকে আসামি করে অনন্ত বিজয় দাশের বড়ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে সিলেট বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেন। আনসার বাংলা ৮ নামের একটি সংগঠন এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে।