২৪ সেপ্টেম্বর ২০২৩
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামের রাস্তার বেহাল দশা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। সামান্য বৃষ্টিতেই চলাচলের অযোগ্য হয়ে পড়ে কাঁচা রাস্তাটি। দেখে মনে হয় হাল চাষ করার জমি। রাস্তা দিয়ে গ্রামের ভেতরে প্রবেশ করতে পারে না জরুরি সেবার কোনো গাড়ি। কাদাযুক্ত রাস্তা দিয়েই মসজিদ, মন্দির, শ্মশান বা গোরস্থানে যেতে এলাকাবাসীর সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পূর্ব আন্দিউড়া থেকে চকবাজার পর্যন্ত রাস্তাটির এমনই বেহাল দশা যে কোনো গাড়ি চলাচল করতে পারে না। এমনকি হেঁটে চলাচলেরও কোনো অবস্থা নেই। প্রতিনিয়তই চরম দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয়রা। স্কুল কলেজের ছাত্রছাত্রীসহ শিশু শিক্ষার্থী, পথচারী ও মুসল্লিরা কাদা মাড়িয়েই চলাচল করছেন।
স্থানীয় বাসিন্দা আমান আলী বলেন, প্রতিদিন এই রাস্তা দিয়ে এলাকার মানুষ চলাচল করে। সামান্য বৃষ্টি হলে রাস্তাটি চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়ে। তাই রাস্তাটি পাকা করণের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের সুনজর কামনা করছি।
স্থানীয় ওয়ার্ড মেম্বার আবজল চৌধুরী বলেন, রাস্তাটি এলজিইডি নিবন্ধন না থাকায় কোনো টেন্ডার দিচ্ছে না। আমি সর্বোচ্চ চেষ্টা করছি নিবন্ধন নাম্বার নেওয়ার জন্য। রাস্তাটি চলার উপযোগীর জন্য কিছু ইট ও বালু দেব। যাতে মানুষ আপাতত চলাচল করতে পারে।
মাধবপুর উপজেলা প্রকৌশলী শাহ আলমের সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, রাস্তার এলজিইডি নাম্বার আছে কি না আমি জানি না। নাম্বার না থাকলে স্থানীয় ওয়ার্ড মেম্বারকে বলবেন অফিসে যোগাযোগ করতে। আমি নাম্বার দেওয়ার চেষ্টা করব।