৩ অক্টোবর ২০১৯


জাফলংয়ে কিশোরের লাশ উদ্ধার, বন্ধু আটক

শেয়ার করুন

উপজেলা প্রতিনিধি

গোয়াইনঘাট : গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে সাগর বিশ্বাস নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সজিব নামের একজনকে আটক করা হয়েছে। নিহত সাগর বিশ্বাস নেত্রকোনা জেলার মদন উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের শান্ত দাশের ছেলে। সে তার বাবা-মায়ের সাথে দীর্ঘদিন ধরে জাফলংয়ের মোহাম্মদপুর এলাকায় বসবাস করে আসছিল।

বৃহস্পতিবার সকালে সিলেট-তামাবিল মহাসড়কের গ্রীণপার্কের সামনের একটি নালা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় সাগরের বন্ধু সজিব তাকে কাজের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা মহাসড়কের পাশে নালায় সাগরের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানান। খবর পেয়ে থানার এসআই যীশু দত্ত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।

গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল আহাদ মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

শেয়ার করুন