২৮ মে ২০২৩
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে সিএনজিচালিত অটোরিকশায় হাত বেঁধে চার শিশুকে নির্যাতনের অভিযোগে অভিযুক্ত সিএনজি চালক আক্তার মিয়া (৩৫) নামের একজনকে আটক করেছে পুলিশ।
রবিবার দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক। জানা যায়, হবিগঞ্জের মাধবপুরে সিএনজিচালিত অটোরিকশায় বসে খেলা করায় চার শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের দৃশ্যটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে এলাকায় সমালোচনা ঝড় ওঠে। ঘটনাটি ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকে অভিযুক্ত আক্তার হোসেন পলাতক ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বৈষ্ণবপুর গ্রামের আব্দুল হকের ছেলে আক্তার হোসেন স্থানীয় বাজারে সিএনজিচালিত অটোরিকশা রেখে বাড়িতে যান। এসময় ওই গ্রামের চার শিশু অটোরিকশায় উঠে খেলা করে। সিএনজিচালক আক্তার বাড়ি থেকে এসে ওই শিশুদের গাড়িতে পেয়ে তার অটোরিকশার ক্ষতি হয়েছে অভিযোগ করে রশি দিয়ে বেঁধে নির্যাতন করেন।
শিশুদের চিৎকারে শুনে তাদের অভিভাবকরা ঘটনাস্থলে এসে প্রতিবাদ করেন এবং ভিডিও ধারণ করায় তাদের মারধর করা হয়। অটোরিকশা নষ্ট করার অভিযোগ এনে গ্রাম্য শালিসে চার শিশুর অভিভাবককে উল্টো দুই হাজার টাকা জরিমানা করে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। পরে নির্যাতনের দৃশ্যটি ফেসবুকে ছড়িয়ে পড়লে পুলিশের নজরে আসলে রবিবার দুপুরে অভিযুক্তকে আটক করে পুলিশ।