২ অক্টোবর ২০১৯
নিজস্ব প্রতিবেদক

সিলেট : প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, ‘দুর্নীতির বিরুদ্ধে পরিচালিত শুদ্ধি অভিযানের মত আওয়ামী লীগেও অভিযান চালানো উচিত। যারা দলকে ব্যবহার করে নিজেদের আখের গোছাতে ব্যস্ত তাদেরও রিটায়ার্ডমেন্টে পাঠানো প্রয়োজন। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণও করেন।’
বুধবার দুপুরে নগরীর রিকাবিবাজারস্থ কবি নজরুল ইসলাম অডিটোরিয়ামে সিলেট জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি রয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।