২২ আগস্ট ২০২১


সিলেট স্বেচ্ছাসেবক দল ছাড়লেন ১১ নেতা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বেচ্ছাসেবক সম্পাদক হওয়া সত্ত্বেও তার মতামত ও পরামর্শ উপেক্ষা করে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা করায় আগেই অভিমানে পদত্যাগ করেছেন অ্যাডভোকেট শামসুজ্জামান জামান। এরই ধারাবাহিকতায় এবার নবগঠিত সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের কমিটিকে ভারসাম্যহীন, নেতাকর্মীদের অবমূল্যায়ন, পকেট কমিটি উল্লেখ করে পদত্যাগ করেছেন যুগ্ম আহ্বায়কসহ আরও ১১ নেতা।

এর মধ্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করেছেন- যুগ্ম আহ্বায়ক এমদাদ বক্স, সদস্য মওদুদুল হক, শহীদুল ইসলাম কাদির, আলতাফ হোসেন বিল্লাল, আমিনুল হক বেলাল ও শাহিদুল ইসলাম চৌধুরী লাহিন। মহানগর কমিটি থেকে পদত্যাগ করেছেন- সদস্য আব্দুর রকিব তুহিন, রুজেল আহমদ চৌধুরী, আব্দুল হান্নান ও আক্তার আহমদ। আরেকজনের নাম জানা যায়নি।

নবগঠিত কমিটির এসব নেতাকর্মীরা শনিবার কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেন সিলেট সিটি করপোরেশনের ২১ নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর কমিটি থেকে পদত্যাগ করা সদস্য আব্দুর রকিব তুহিন। তিনি বলেন, কমিটি দেখে আমরা বিস্মিত ও হতবাক। যারা বিগত আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা রেখে জেল-জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন, তাদেরকে বাদ দিয়ে নিষ্ক্রিয় ও অযোগ্যদের নিয়ে একটি হাস্যকর কমিটি উপহার দিয়েছে।

পদত্যাগপত্রে নেতাকর্মীরা উল্লেখ করেন, মওদুদুল হক মওদুদ বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন, কিন্তু বর্তমান কমিটিতে তাকে ৩১নং সদস্য করা হয়েছে। দুইবারের সিটি করপোরেশনের কাউন্সিলর ও মহানগর বিএনপির সহ-প্রচার সম্পাদক আব্দুর রকিব তুহিনকেও ৩৮নং সদস্য পদ দেওয়া হয়। জেলা বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আমিনুল হক বেলালকে ৪৯নং সদস্য করা হয়। সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিদুল ইসলাম কাদিরকে সদস্য, জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলতাফ হোসেন বিলালকে কমিটির সর্বশেষ ৬১নং সদস্য করা হয়। জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রুজেল আহমদ চৌধুরীকে সদস্য করা। এই কমিটিতে এসব নেতাকর্মীদের সদস্যপদ দিয়ে অবমূল্যায়ন করা হয়েছে। তাই নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে পদত্যাগ করেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে দলের কেন্দ্রীয় সভাপতি মুস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের কমটির অনুমোদন দেন। উভয় কমিটিতে ৬১ জন করে ১২২ জন স্থান পেয়েছেন।

শেয়ার করুন