৩ সেপ্টেম্বর ২০১৯
উপজেলা প্রতিনিধি

ওসমানীনগর : ওসমানীনগর উপজেলার সাদীপুর ইউপির কুশিয়ারা ডাইক থেকে চেয়ারম্যান কর্তৃক ৫০ হাজার ইট রাস্তা থেকে উঠিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে এলাকাবাসী সিলেটের জেলা প্রশাসকের বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সাদীপুর এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কের সৈয়দপুর হইতে সুরিকোনা পর্যন্ত কুশিয়ারা ডাইক অবস্থিত। উক্ত ডাইকের সংযোগ স্থল থেকে প্রায় ২কিলোমিটার সরকারি ভাবে ডাবল ইট সলিং করা হয়েছিলো। প্রায় ৫মাস ধরে ২নং সাদীপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রব গলাছিপা হইতে সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামন পর্যন্ত রাস্তার উপর থেকে প্রায় ৫০ হাজার ইট উঠিয়ে নেন। এলাকাবাসীর লোকজন উক্ত ইটগুলো উঠিয়ে নেওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি তাৎক্ষণিক কোন উত্তর দিতে রাজী হননি।
এদিকে, কুশিয়ারা ডাইকের উপর থেকে ইট উঠিয়ে নেওয়ার কারণে ডাইকের উপর দিয়ে পানি প্রবেশ করে গত বর্ষা মৌসুমে এলাকায় বন্যার সৃষ্টি হয়েছে। এতে এলাকার শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েন।
অন্যদিকে, রাস্তা থেকে ইট উত্তোলনের ফলে কাদামাটির জন্য কোন প্রকার যান চলাচলও করতে পারছে না। ফলে মারাত্মক দুর্ভোগে পড়েছেন অত্র এলাকার লোকজন। এ বিষয়ে প্রতিকার চেয়ে এলাকাবাসী একটি লিখিত অভিযোগ ২৬ আগস্ট সিলেট জেলা প্রশাসকের নিকট অভিযোগ দায়ের করেন।
তবে বিষয়টি অস্বীকার করে সাদীপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব গণমাধ্যমকে বলেন, বিষয়টি সঠিক নয়। কিছুদিন আগে রাস্তায় মাটি ভরাটের কাজ চলাকালিন সময়ে কিছু ইট ঠিকাদার কর্তৃক উঠানো হয়েছিল। কিছু ইট বন্যার সময় এলাকার লোকজন নিয়েছেন এবং অনেক ইট এখনো রাস্তার পাশে রয়েছে।