২৩ আগস্ট ২০১৯
উপজেলা প্রতিনিধি,

গোয়াইনঘাট: গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার দুই বছরের এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে উপজেলার সালুটিকর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক রাসেল মিয়া (৩০) উপজেলার আঙ্গারজুর এলাকার আব্দুল মালিকের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল হেকিম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সালুটিকর বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
থানার পরিদর্শক (তদন্ত) হিল্লোল রায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম মহোদয়ের লক্ষ্য হল সিলেটকে মাদক মুক্ত করা। স্যারের দিক নির্দেশনা নিয়ে গোয়াইনঘাটকে মাদক মুক্ত করতে পুলিশ ধারাবাহিক অভিযান পরিচালনা করছে।