১৯ আগস্ট ২০১৯
জেলা প্রতিনিধি

হবিগঞ্জ : হবিগঞ্জের মাধবপুরে জমি নিয়ে বিরোধের জেরে সুজিত রেলি (৩৫) নামে এক চা শ্রমিককে পিটিয়ে হত্যা করেছেন তার চাচাতো ভাইয়েরা। নিহত সুজিত মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগানের টরু রেলির ছেলে।
সোমবার সকালে এঘটনা ঘটে।
পুলিশ জানায়, সুজিতের সঙ্গে জমি নিয়ে তার চাচাতো ভাই হেলাল রেলির বিরোধ ছিল। এর জের ধরে সোমবার সকালে উভয়ের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে হেলাল ও তার ভাইয়েরা সুজিতকে পিটিয়ে আহত করে। গুরুতর আহতাবস্থায় সুজিতকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাধবপুর থানার ওসি একেএম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা চলছে।