৬ ডিসেম্বর ২০২২


আগুনে পুড়ে কনস্টেবলের মৃত্যুর ঘটনা তদন্তে কমিটি

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে আগুনে পুড়ে কনস্টেবল রুবেল আহমদের (৩২) মৃত্যুর ঘটনা তদন্তে তিন সদস্য কমিটি হয়েছে। বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে’কে কমিটির প্রধান করা হয়েছে। দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, রুবেল আহমেদ ২০১১ সালে চাকরিতে প্রবেশ করেন। তার মরদেহ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিকেলে পুলিশ লাইনে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

ফায়ার সার্ভিসের বরাত দিয়ে পুলিশ সুপার আরও বলেন, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত না করে বিষয়টি নিশ্চিত করে কিছু বলা যাবে না।

উল্লেখ্য, ভোরে হবিগঞ্জ পৌর শহরের ২ নম্বর পুল এলাকায় ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে ট্রাফিক পুলিশের কনস্টেবল রুবেল আহমদ মারা গেছেন।

স্থানীয়রা জানান, রুবেল আহমেদসহ কয়েকজন পুল এলাকায় সিরাজ উদ্দিন খান নামের এক ব্যক্তির বাসা ভাড়া নিয়ে থাকতেন। ভোরে স্থানীয় বাসিন্দারা হঠাৎ ওই ঘরে আগুন দেখেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে তালাবদ্ধ ঘর থেকে কনস্টেবল রুবেলের পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করেন তারা।

শেয়ার করুন