১ আগস্ট ২০১৯
নিজস্ব প্রতিবেদক

সিলেট : তিউনেশিয়াতে নৌকাডুবিতে উদ্ধার হওয়া আরো ৯ বাংলাদেশী দেশে ফিরেছেন। এর মধ্যে সিলেটের ৭ জন রয়েছেন। মঙ্গলবার বিকেল ৫.১৫ মিনিটে কাতার এয়ারওয়েজ QR-634 বিমান যোগে ৯ কর্মী দেশে ফিরেন। এর পর তাদের বিমান বন্দরের জিজ্ঞাসা শেষে বুধবার দুপুরে তারা বিমানবন্দর ত্যাগ করেন।
ফিরে আসা সিলেটের অভিবাসন প্রত্যাশীরা হলেন- হবিগঞ্জের হৃদয় আহাম্মেদ(২০), আরমান মিয়া(২৪), আব্দুল বারিক(২৪), মোতাব্বির হোসেন(২২), ইয়িয়াছ উদ্দিন(৩১), তাহির মিয়া(২৯) ও সিলেটের সৈয়দ মোহাম্মদ আলী (১৯)। বাকিরা হলেন শরীয়তপুরের রানা হাওলাদার (২০) ও মাদারীপুরের ১ জন, মিরাজ হোসেন(২১)।
জানা যায়, সিলেট জেলার পোনাইচক গ্রামের সৈয়দ মোহাম্মদ আলী (১৯) একই গ্রামের দালাল এনামুল হক এনাম ইউরোপের স্বপ্ন দেখিয়ে ৭ লাখ ২০ হাজার টাকা নিয়ে টুরিস্ট ভিসা দিয়ে তাকে সড়ক পথে কোলকাতা নিয়ে যায়। সেখান থেকে বিমানে দিল্লি এরপর শ্রীলংকা সেখান থেকে কাতার, তুরস্ক হয়ে লিবিয়া যান তিনি । লিবিয়া হয়ে সাগর পথে ইতালি রওনা হইলে ভূমধ্যসাগরে নৌকা ডুবলে জেলেরা তাদের উদ্ধার করে তিউনেশিয়া পুলিশের কাছে হস্তান্তর করেন। এরপর আইওএম এর মাধ্যমে দেশে ফিরে আসেন।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান এই তথ্য নিশ্চিত করে বলেন, দেশে ফিরে আসা প্রায় সবার গল্প এমনই।