২০ জুলাই ২০১৯


হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ২

শেয়ার করুন

জেলা প্রতিনিধি

হবিগঞ্জ: হবিগঞ্জে পৃথক এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকসহ দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কালা মিয়ার ছেলে নির্মাণ শ্রমিক আব্দুন নূর (২৫) ও মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের রাজাপুর গ্রামের আপন মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৫)।

শনিবার হবিগঞ্জ সদর উপজেলার আনোয়ারপুর ও মাধবপুর উপজেলার আফজালপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে মাধবপুরের আফজালপুর গ্রামের একটি বিয়ে বাড়িতে ডেকোরেশনের কাজ করছিলেন সোহাগ। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

একইদিন সকাল ১১টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার আনোয়ারপুর এলাকার নির্মাণাধীন একটি ভবনের চার তলায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় আব্দুন নূর নামে এক নির্মাণ শ্রমিক। সহকর্মীরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক শারমিন আক্তার তাকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মাসুক আলী ও মাধবপুর থানার ওসি কেএম আজমিরুজ্জামান পৃথক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন