২০ জুলাই ২০১৯


কোম্পানীগঞ্জে সাঁতার কাটতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

শেয়ার করুন

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ

সিলেট : সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ সাদা পাথর পর্যটন এলাকায় সাঁতার কাটকে গিয়ে সাইফুল ইসলাম (২৪) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। নিহত সাইফুল সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নিয়ামতপুর গ্রামের তুলা মিয়ার কনিষ্ট ছেলে। তিনি সিলেট সরকারি কলেজের ডিগ্রির ছাত্র ছিলেন।

শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম বলেন, বন্ধুদের সঙ্গে বেড়াতে সাদা পাথর পর্যটন এলাকায় যান সাইফুল। সেখানে লাইফ জ্যাকেট ছাড়াই পানিতে সাঁতার কাটতে নামলে স্রোতের তোড়ে তিনি ডুবে যান। পরে তার বন্ধুরা স্থানীদের সহায়তায় কিছুক্ষণ পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

গত ৭ জুলাই একই স্থানে পানিতে সাঁতার কাটতে নেমে স্রোতের তোড়ে ভেসে যান সিলেটের লিডিং ইউনিভার্সিটির এক ছাত্র। পরে নিখোঁজ হওয়ার তিনদিন পর তার মরদেহ ভেসে ওঠে।

শেয়ার করুন