২০ জুলাই ২০১৯


শ্রীমঙ্গলে স্কুলছাত্রকে অপহরণের অভিযোগ

শেয়ার করুন

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল

মৌলভীবাজার : মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক শাখার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শামসুল হুদা নাদিম নিখোঁজ হয়েছে। নাদিম শ্রীমঙ্গল শহরের বিরাহিমপুর (নিউ পূর্বাশা) এলাকার বাসিন্দা। তার পিতার নাম ফরিদ মিয়া। তিনি পদ্মা ওয়েল কোম্পানিতে কর্মরত। তিন ভাইয়ের মধ্যে নাদিম মেজো।

শুক্রবার বিকেল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের অভিযোগ তাকে অপহরণ করা হয়েছে।

নাদিমের বাবা ফরিদ মিয়া বলেন, শুক্রবার বিকেলে নাদিম পার্শ্ববর্তী মাঠে খেলতে যায়। আসরের নামাজের পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ হয়তো তাকে অপহরণ করে থাকতে পারে।

এলাকার কাউন্সিলার মো. লিমন মিয়া বলেন, সম্ভাব্য স্থানগুলো খুঁজেও কোথায় তাকে পাওয়া যায়নি। আমরা শহরজুড়ে মাইকিং এর ব্যবস্থা করবো।

উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা দাস বাংলানিউজকে বলেন, আমি আমাদের এক শিক্ষকের কাছ থেকে ওই শিক্ষার্থী নিখোঁজের সংবাদটি শুনেছি। আইন প্রয়োগকারী সংস্থাকে এ বিষয়টির প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানাচ্ছি।

শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস ছালেক জানান, লিখিত অভিযোগ পেলেই আমরা পদক্ষেপ নেব।

শেয়ার করুন