২৫ মার্চ ২০২২
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার একটি হাওড় থেকে অজ্ঞাত এক বৃদ্ধ (৫৫) ব্যক্তির লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। তবে তাৎক্ষনিকভাবে মৃত ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায় নি।
শুক্রবার সকাল ১১টার দিকে ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দি ইউনিয়নের মাজকান্দি নামক হাওড় থেকে একদল পুলিশ লাশ উদ্ধার করে।
পুলিশ জানাযায়, সকালে উপজেলার আউশকান্দি ইউনিয়নের মাজকান্দি হাওড়ে কৃষি কাজ করতে যান স্থানীয় কৃষকরা। এসময় গাছের সাথে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় এক বৃদ্ধ ব্যক্তির মৃতদেহ দেখতে পান। পরে বিষয়টি প্রশাসনকে অবগত করলে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ডালিম আহমেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাছের সাথে ঝুলস্ত অবস্থায় ওই অজ্ঞাত বৃদ্ধ ব্যক্তির লাশ উদ্ধার করেন।পরে ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আবুল খয়ের।
এ ব্যাপারে আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দিলাওয়ার হোসেন বলেন, স্থানীয় মাজকান্দি হাওড়ে কাজ করতে যাওয়ার সময় এক ব্যক্তির ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে বিষয়টি আমি শুনার পর প্রশাসনকে অবগত করি।
নবীগঞ্জ থানার ওসি মোঃ ডালিম আহমেদ বলেন, এ ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। তবে, মৃত ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায় নি। আমরা তার পরিচয় সনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।