৩০ জুন ২০১৯


ছাতকে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫

শেয়ার করুন


প্রতিনিধি ছাতক(সুনামগঞ্জ): ছাতকে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ গটনায় গুরুতর আহত ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সকালে উপজেলার নোয়ারাই ইউনিয়নের জয়নগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, গত শুক্রবার বিকেলে গ্রামের মাঠে ফুটবল খেলা নিয়ে জয়নগর গ্রামের লালু শাহ ও শরীফের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় উভয়পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে গতকাল শনিবার সকালে উভয়পক্ষের লোকজন রামদা ও লাঠিসোটা নিয়ে তুমুল সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় আধ ঘন্টাব্যাপী সংঘর্ষে নারীসহ অন্তত: ১৫ জন আহত হন।

গুরুতর আহত লালু শাহ (৩৫), মছন আলী (৪০) ও আছাদ মিয়া(৪২) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শরীফ (২৮), কুতুব (২৭), সেলিম আহমদ (৪২), ফখর উদ্দিন (২৯), ফজল মিয়া (৫০), সালেহা বেগম (২৩)সহ অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

এ ব্যাপারে ছাতক থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন